দুই দিনে ৩২ উইকেট, শতবর্ষে আর একবারই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেই বলে ফাঁদ! ছবি: এএফপি
একেই বলে ফাঁদ! ছবি: এএফপি

ভারত সাহসী হতেই পারত। একটু আগে ইনিংস ঘোষণা করে দিলে, কে জানে হয়তো দুই দিনেই শেষ হয়ে যেত টেস্ট ম্যাচ! ডেভিড হুকসের আত্মা নিশ্চয়ই শান্তি পেত!

দুই দিনে না হলেও এই টেস্ট আড়াই দিনে শেষ হওয়া মুখে। যদি না এই সিরিজে চলমান স্রোত একবারেই উল্টে দিয়ে দক্ষিণ আফ্রিকা অবিশ্বাস্য কিছু করে বসে। ৮ উইকেট হাতে নিয়ে জয় থেকে ২৭৮ রান দূরত্বে আছে তারা। যে দূরত্বটিকে মনে হচ্ছে নাগপুর-টু-কেপটাউনের দূরত্ব। জয় নয়, প্রশ্নটা আপাতত—দক্ষিণ আফ্রিকা কি তৃতীয় দিনটা পার করতে পারবে?
সেটার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। নাগপুর টেস্টে তো মনে হচ্ছে আরও অসম্ভব। এই টেস্টে দুই দিনেই যে পড়ে গেছে ৩২ উইকেট! ১৯১২ সালের পর গত ১০৩ বছরে দুই দিনে ম্যাচের মোট উইকেটের ৮০ শতাংশ পড়ে যাওয়ার ঘটনা আর একবারই ঘটেছিল। ২০০৭ সালের সেই ম্যাচটিতেও জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকার নাম। সেবার কেপটাউনে প্রোটিয়াদের প্রতিপক্ষ অবশ্য ছিল পাকিস্তান।
শতবর্ষে যে ঘটনা সচরাচর ঘটে না, তেমন ঘটনার সাক্ষী হওয়ার জন্য নাগপুরের কিউরেটরের কি ধন্যবাদ পাওয়া উচিত? আশ্চর্যের বিষয় হলো, গুটিকয় মানুষ ছাড়া এই ম্যাচের উইকেট নিয়ে তুমুল সমালোচনায় মত্ত সবাই। হোম কন্ডিশনের সুবিধা ভারত নিচ্ছে নাকি অন্যায় সুবিধা নিচ্ছে—উঠে গেছে সেই প্রশ্নও। এই উইকেটে ভারতের ব্যাটসম্যানরাও যে নাকানি-চুবানি খাচ্ছে যথেষ্ট। আজ দক্ষিণ আফ্রিকাকে ৭৯ রানে অলআউট করে ভারত দ্বিতীয় ইনিংসে নিজেরাও অলআউট হয়েছে ১৭৩ রানে। জয়ের জন্য ৩১০ রানের প্রায় অসম্ভব একটি লক্ষ্যে আবারও ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে তুলেছে ৩২। আজ এক দিনেই পড়েছে ২০ উইকেট, সেটিও ম্যাচের দ্বিতীয় দিনে।
ভারতের দ্বিতীয় ইনিংসে মরনে মরকেলের ১৯ রানে ৩ উইকেটটাকে মনে হচ্ছে হংসমাঝে ময়ূর কিংবা ময়ূর মাঝে হংস। এই ম্যাচে পেসাররা তো অনাহূত। খোদ ইশান্ত শর্মা প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে বেশি বল করলেন সেটিও মাত্র তিন ওভার হাত ঘুরিয়েই! এই টেস্টে এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যান ফিফটিই করতে পারেননি।
শুধু এই টেস্টে? এই সিরিজেই সব মিলিয়ে ফিফটি চারটি, কোনো সেঞ্চুরি নেই। এবি ডি ভিলিয়ার্স বাদে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে এই সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংস আমলার ৪৩! অথচ কদিন আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকানদের ব্যাটে ছিল ছয়টি সেঞ্চুরি। টেস্টের পরীক্ষায় আমলা-ডি ভিলিয়ার্সরা না হয় ফেল মেরে যাচ্ছেন, কোহলি-রাহানেরাও তো তথৈবচ।
ভারতেরই একজন বড় আক্ষেপ করে মন্তব্য করেছেন, ‘শনি-রোববারে ছুটিতে জমিয়ে শেষ দুটো দিন দেখব ভেবেছিলাম। আমার ছুটিটাই মাটি।’ ভারত এমন উইকেট বানানো থেকে সরে না এলে এখন থেকে টেস্ট তিন দিনে শেষ হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রাখাই ভালো!