
বিস্ফোরক ব্যাটিং, সঙ্গে কাজ চালানোর মতো টুকটাক পেস বোলিং। এই হলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এই মিনি অলরাউন্ডার ২০১২ সালে জায়গা পান নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। মাত্র পাঁচটি ম্যাচ খেলে হারিয়ে যাওয়া গ্র্যান্ডহোম চার বছর পর আবার যখন ফিরলেন নিউজিল্যান্ড দলে, টেস্টে অভিষেকই হলো তাঁর।
আর পাকিস্তানের বিপক্ষে কাল টেস্ট অভিষেকে যা করলেন, তাতে গ্র্যান্ডহোম নিজেই গেছেন চমকে। যে বোলিংটা তাঁর মূল শক্তির জায়গা নয়, সেই বোলিংয়েই উঠেছেন জ্বলে। ৪১ রানে ৬ উইকেট, পাকিস্তানের প্রথম ইনিংসে ১৩৩ রানেই গুটিয়ে দিয়েছেন তো তিনিই। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিং এখন এই ৩০ বছর বয়সীর।
জিম্বাবুয়ের হয়ে ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা গ্র্যান্ডহোম দিন শেষে নিজের কীর্তিকে নিজেই বিশ্বাসই করতে পারছিলেন না, ‘আমি সব সময় বল করতে চাই। (তবে) আশা করেছিলাম উইকেট নেওয়ার চেয়ে রান বেশি করব।’
গ্র্যান্ডহোমের দিনে ব্যাট হাতেও নিউজিল্যান্ডের সেরা পারফরমার একজন অভিষিক্ত—জিৎ রাভাল। ভারতের আহমেদাবাদে জন্ম নেওয়া রাভালের ব্যাটিংয়েই দিনটা স্বস্তিতে শেষ করেছে নিউজিল্যান্ড। বৃষ্টিতে প্রথম দিন ভেসে যাওয়ার পর কাল শুরু ম্যাচে পাকিস্তানের পর স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। পাকিস্তানি পেসারদের দাপটে ৪০ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর হেনরি নিকোলসকে নিয়ে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৬৪ রান যোগ করে বিপদটাকে আর বাড়তে দেননি ৫৫ রানে অপরাজিত রাভাল। স্কুল ক্রিকেটে পার্থিব প্যাটেলের ওপেনিং সঙ্গী অভিষেকেই সেঞ্চুরি পেয়ে গেছেন কি না তা হয়তো পাঠক এরই মধ্যে জেনে গেছেন। তথ্যসূত্র: রয়টার্স, ক্রিকইনফো।