দুই বছর নিষিদ্ধ গ্যালাতাসারাই
সতর্কবার্তাটা এসেছিল এ বছর জানুয়ারিতেই। আর্থিক নিয়ম ভঙ্গ করায় তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে শাস্তি পেতে হতে পারে বলে জানিয়ে দিয়েছিল উয়েফা। কিন্তু তারপরও ২০১৫-১৬ মৌসুমের চূড়ান্ত হিসাবে সেই অনিয়ম ঠিক করতে পারেনি গ্যালাতাসারাই। যে কারণে এখন ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগামী দুই বছরের জন্য গ্যালাতাসারাইকে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
নিষেধাজ্ঞার মানে হচ্ছে, আগামী দুই মৌসুম সুযোগ পেলেও চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগে খেলতে পারবে না গ্যালাতাসারাই। তুর্কি সুপার লিগে এ মুহূর্তে ৫ নম্বরে আছে ক্লাবটি। ২০০০ সালে ইউরোপা লিগ জেতা গ্যালাতাসারাই সর্বশেষ চার মৌসুমেই খেলেছে চ্যাম্পিয়নস লিগে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়া গ্যালাতাসারাই ইউরোপা লিগেও শেষ ৩২-এ হেরে গেছে লাৎসিওর কাছে।
তবে আগামী দুই বছর চ্যাম্পিয়নস লিগে বা ইউরোপায় সুযোগ না পেলে এমনিতেই তাদের নিষেধাজ্ঞা কেটে যাবে। এএফপি।