দুই বছর পর ভারতের ওয়ানডে দলে শামি
পরশু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করেছে ভারত। আর ভারতের নির্বাচকেরা কালই ঘোষণা করে দিলেন ১৫ সদস্যের দল।
দলে চমক বলতে একটাই—দুই বছর পর পেসার মোহাম্মদ শামির ওয়ানডে দলে ফেরা। ৪৭ ম্যাচের ক্যারিয়ারে শামি তাঁর সর্বশেষ ওয়ানডেটি খেলেছেন ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর একের পর এক চোট ওয়ানডে ক্যারিয়ার থমকেই দিয়েছিল ২৬ বছর বয়সী পেসারের।
ফিরেছেন ঊরুর চোটে পাঁচ মাস বাইরে বসে থাকা ব্যাটসম্যান রোহিত শর্মাও। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে রোহিত ফিরেছেন অবশ্য গত মার্চেই, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সব ম্যাচই খেলেছেন। দলে আছেন গত জানুয়ারিতে ওয়ানডে দলে ফেরা ক্যানসার বিজয়ী যুবরাজ সিংও।
বাদ পড়েছেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কাঁধে চোট পাওয়া এই ওপেনার এখনো চোট থেকে সেরে ওঠেননি। এএফপি।
ভারত দল।
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, এম এস ধোনি, যুবরাজ সিং, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা ও মনীশ পান্ডে।