দুই বছর পর ম্যাচসেরা ধোনি

১৬ অক্টোবর ২০১৬ থেকে ৮ জুন ২০১৭—এর মধ্যে ১০টি ওয়ানডে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। একটিতে ব্যাটিং করার সুযোগ পাননি। বাকি নয় ম্যাচে দুটি ফিফটি আর একটি সেঞ্চুরি আছে। আছে একটি ৩৯ আর একটি ৪১ রানের ইনিংসও। এরপরও গোটা ভারতেই তুমুল আলোচনা চলছিল, ধোনি শেষ। তাঁর বিকল্প খোঁজার সময় এসে গেছে। নামটা ধোনি বলেই হয়তো। শেষ দিকে নেমে ক্যারিয়ারে এত এত ম্যাচজয়ী ইনিংস খেলেছেন যে উঠে গেছেন অন্য এক উচ্চতায়। ধোনিকে সবাই বিচার করেন তাঁরই বেঁধে দেওয়া মানদণ্ডে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পরশু ধোনি প্রমাণ করলেন, এখনো তিনি ম্যাচ জেতাতে পারেন। ভারতের টপঅর্ডার গত এক-দেড় বছর ধরে এত ভালো করছে যে মিডল ব্যাটসম্যানরাই ব্যাট করার সুযোগ পাচ্ছিলেন না। পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামা ধোনিরও ছিল একই নিয়তি। পরশু ভারত ১০০ রান তুলতেই ২৭ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে। ধোনিও স্বরূপটা দেখানোর সুযোগ পেয়ে যান। ৭৯ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে জিতে নিলেন ম্যাচসেরার পুরস্কারও। ম্যান অব দ্য ম্যাচ হলেন প্রায় দুই বছর পর। অপরাজিত ৯২ রানের ইনিংসের জন্য সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সেই ২০১৫ সালের অক্টোবরে, ইন্দোরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ধোনির নিজেকে মনে হচ্ছে পুরোনো মদের মতো, ‘আমি যেন পুরোনো ওয়াইন। আসলে দেড় বছর ধরে আমাদের টপঅর্ডার প্রচুর রান করছে। আজ (পরশু) সুযোগ পেয়েছি এবং রান করতে পেরেছি বলে খুব ভালো লাগছে।’
খেলা হয়েছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ক্যারিবীয় কিংবদন্তির নামে গড়া স্টেডিয়ামে পরশুর উইকেটটি তেমন ব্যাটিংবান্ধব ছিল না। ম্যাচ শুরুর আগে এক পশলা বৃষ্টি হওয়ায় বোলাররা উইকেটে বাউন্স আর সুইং পাচ্ছিলেন। দুর্দান্ত ফর্মে থাকা ভারতের টপঅর্ডারের জন্যও রান করা কঠিন হয়ে উঠেছিল। এই উইকেটেই ধোনি রান তোলেন সাবলীলভাবে। ৪০ ওভার শেষে ভারতের রান ছিল মাত্র ১৫১। কিন্তু শেষ ১০ ওভারেই ১০০ রান তুলে ফেলে তারা। ৪৩তম ওভারে রাহানে ফিরে যাওয়ার পর জুটি বাঁধেন কেদার যাদব আর ধোনি। ৭.৪ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে তাঁরা ৮১ রান তোলেন। চারটি চার ও একটি ছয়ে ২৬ বলে ৪০ রান করেছেন কেদার। আর ধোনি যে সত্যিকারের এক ‘ফিনিশার’ সেটা বুঝিয়ে দিলেন শেষ বলে চার মেরে দলের রানটা আড়াই শ পার করিয়ে।
ভারতকে ছোট স্কোরে আটকে দিয়ে সিরিজে সমতা আনার আশাই করেছিল উইন্ডিজ। তবে ব্যাটিংয়ে সেই নড়বড়ে ওয়েস্ট ইন্ডিজেরই দেখা মিলল আবার। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা উইন্ডিজ আশার আলো দেখছিল জেসন মোহাম্মদ ও রভম্যান পাওয়েলের ব্যাটে। কিন্তু চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ঘূর্ণিতে হারিয়ে যায় সেই আশার আলো। ৪০ রান করা মোহাম্মদ আর ৩০ রান করা পাওয়েলকে নিজের শিকার বানান তিনি। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ। চ্যাম্পিয়নস ট্রফিতে ম্লান রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নিতে খরচ করেছেন ২৮ রান।
একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ওয়ানডেটি আজ। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। পরের দুটি ম্যাচই জিতল ভারত। আজকের ম্যাচটি তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই। সূত্র: টেন থ্রি