দুই বছরে শতকহীন কোহলি এক শতকেই ভাঙবেন টেন্ডুলকারের রেকর্ড
৮০৬ দিন। ৫৬ ম্যাচ। ৬৫ ইনিংস। ২ হাজার ৩০২ রান। ২৩টি অর্ধশতক। শতক? ০!
ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি।
৩৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যানের দীর্ঘ রানখরা হঠাৎ আবিষ্কৃত কিছু নয়। এ নিয়ে আলোচনাও কম হচ্ছে না। তবু এখনো যেন বিশ্বাস হতে চায় না। ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি বলেই! শতক হাঁকানো যাঁর কাছে ড্রয়িংরুমে আয়েশে বই পড়ার মতোই ‘কষ্টসাধ্য’ ছিল, সেই কোহলিই ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর থেকে অনেক ঘাম ঝরিয়েও তিন অঙ্কের দেখা পাচ্ছেন না।
কিন্তু নামটা কোহলি বলেই হয়তো এখনো শতকের রেকর্ডে নামটা প্রাসঙ্গিক। এই যে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজই কোহলি শুরু করবেন শচীন টেন্ডুলকারের শতকের একটা রেকর্ড ভাঙার হাতছানি নিয়ে।
রেকর্ডটা ওয়ানডেতে কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতকের। টেন্ডুলকারের সঙ্গে এই মুহূর্তে রেকর্ডটাতে ভাগাভাগি কোহলির। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ৯টি শত হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, কোহলির ৯ শতক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
অবশ্য একদিক থেকে দেখলে রেকর্ডে কোহলিই এগিয়ে—শতকপ্রতি ইনিংসের হিসাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ শতক পেতে টেন্ডুলকারের লেগেছে ৭০ ইনিংস, কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ শতক পেয়েছেন ৩৮ ইনিংসে!
তবে রেকর্ড তো আর এভাবে হিসাব করে না, সেখানে শুধু শতকের সংখ্যাই মুখ্য। সেই হিসাবেও টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে আর একটি শতক দরকার কোহলির, সে জন্য আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু সিরিজে তিনটি ম্যাচ তো পাচ্ছেনই!
তবে রেকর্ডটা শুধুই কোহলির হওয়া নিয়ে শঙ্কা জাগাতে পারে তাঁর গত দুই বছরের বেশি সময়ে গড়ানো শতক-খরা।
ওয়ানডেতে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতক
শতক তো পানইনি, এ সময়ে রানেও আগের মতো বান ছোটেনি কোহলির ব্যাটে। একেবারে জঘন্য ফর্মে ছিলেন না ঠিকই, তবে টেস্টে ২৮.১৪ আর ওয়ানডেতে ৪২.৫০ গড়ে রান করা কোহলির নামের সঙ্গে যায় না।
এমনই রানখরা যে, দুই বছর আগের বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেই শতক পর্যন্ত কোহলির টেস্টের গড় যেখানে ছিল ৫৪.৯৭, সেটি এখন নেমে এসেছে ৫০.৩৯-এ। ওয়ানডেতে ৬০.৩১ থেকে নেমেছে ৫৮.৭৭-এ।
এ যদি কোহলিকে নিয়ে শঙ্কা, সেটির উল্টো পিঠে কোহলিকে নিয়ে সম্ভাবনার গান গাইবে তাঁর ক্যারিয়ারের সাম্প্রতিক বাঁকবদল। ভারতের টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে শুরু, এরপর গত মাস চারেকে ওয়ানডে আর টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন কোহলি।
ঝাড়া হাত-পা এই কোহলির ব্যাটের ছন্দেও একটা ঝাঁকুনি আসবে, এই প্রত্যাশায়ই আছে ভারত। তাতে একটা শতক হয়ে গেলে ওয়ানডেতে একটা রেকর্ডের পাতায়ও বদল আসবে।
তা ওয়ানডেতে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটা তো কোহলি-টেন্ডুলকারের, টেস্টে সেটি কার দেখতে হবে না! অবশ্য টেস্টে ব্যাটিংয়ের কোনো রেকর্ডে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নামই যে সবচেয়ে এগিয়ে থাকবে, তা সম্ভবত সহজেই অনুমান করে নেওয়া যায়।
টেস্টে এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতক
অনুমান করে নিলেও সেটিই এখানে সঠিক হতো। ইংল্যান্ডের বিপক্ষে ১৯টি শতক নিয়ে অন্য সবাইকে অনেক পেছনে রেখে তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি। দুইয়ে ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর শতক ১৩টি।