দুই বন্ধুর রোমাঞ্চকর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাছাকাছি বয়স, কাছাকাছি বাড়ি। ক্রিকেটের আঙিনায় একসঙ্গে দীর্ঘদিনের পথচলায় দুজন হয়ে উঠেছেন ঘনিষ্ঠ বন্ধু। তবে শুধু মাঠের বাইরে নয়, কাল ফতুল্লা স্টেডিয়ামের ২২ গজেও দুজনের জুটি জমল দারুণ। মাশরাফি বিন মুর্তজা আর আবদুর রাজ্জাক—দুই বন্ধুর অসাধারণ যুগলবন্দী বিসিএলে রোমাঞ্চকর এক জয় এনে দিল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে।
দুজনের নাম দেখেই ভূমিকা ভেবে ফেললে ভুল করবেন। বাংলাদেশের সব সময়ের সেরা বোলারদের দুজন তাঁরা। বল হাতে যথারীতি খারাপ করেননি কালও। তবে কাল মাশরাফি-রাজ্জাক জয়ের নায়ক ব্যাট হাতে। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে দলের ডুবতে থাকা তরি শক্ত হাতে হাল ধরে জয়ের তীরে ভিড়িয়েছেন দুজন। অধিনায়ক মাশরাফি যথারীতি অগ্রণী ভূমিকায়, ছক্কায় জয় এনে ছুঁয়েছেন নিজের ফিফটিও।
দুজনে যখন জুটি বাঁধলেন, দক্ষিণাঞ্চল তখন খাদের কিনারায়। ২১৪ রান তাড়ায় ৬১ বলে প্রয়োজন ৭১ রান। রান-বলের এই সমীকরণ খুব কঠিন কিছু নয়, কিন্তু উইকেট যে হাতে মাত্র তিনটি! অলরাউন্ডার সত্তাটা তখনই জেগে উঠল মাশরাফির, একসময়ের ওপেনার রাজ্জাকেরও ব্যাটের হাত তো মন্দ নয়। ৫১ বলে ৭৩ রানের জুটি গড়লেন দুজন। ১০ বল আগেই জয়। ৩ ওভারে যখন প্রয়োজন ২৩ রান, মোহাম্মদ শরিফের ওভারে মাশরাফির ২ চার ও ১ ছক্কায় রান এল ১৮। পরের ওভারে মোশাররফ হোসেনকে ছক্কায় মাশরাফি ছুঁলেন জয় ও ফিফটি, ৩ ছক্কা ও ৪ চারে ৩৩ বলে অপরাজিত ৫০। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে অপরাজিত ২৮ রাজ্জাক। আগের দিন এই মাঠেই ২০৯ রান নিয়ে অল্পের জন্য পেরে ওঠেনি মধ্যাঞ্চল। কাল ৪ রান বেশি করে মাহমুদউল্লাহদের আবারও সেই একই পরিণতি।
মাশরাফির ব্যাটের ঝলকের আগে ছিল রুবেলের বোলিং তোপ। বাংলাদেশের বিশ্বকাপ নায়ক নিয়েছেন ৫ উইকেট। ১৫৬ রানে ৮ উইকেট হারানো মধ্যাঞ্চলকে দুই শ পার করান সাতে নামা ধীমান ঘোষ (৬১ বলে ৬৪*)। তখন কে জানত, আট ও নয়ে নেমে দুজন ছাপিয়ে যাবেন ধীমানের সাতের লড়াইকে!
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ৪৫.৩ ওভারে ২১৩ (মজিদ ১৬, রনি ১৬, শামসুর ১৫, মাহমুদউল্লাহ ৩১, শুভাগত ৩, নাদিফ ২০, ধীমান ৬৪*, মোশাররফ ৯, ইলিয়াস ৮, শরীফ ২০, শহীদ ৫; রুবেল ৫/৪২, মাশরাফি ১/৩৪, রাজ্জাক ২/৪৪, এনামুল জু. ২/৫৩, জিয়া ০/১৮, মোসাদ্দেক ০/২০)। দক্ষিণাঞ্চল: ৪৮.২ ওভারে ২১৬/৭ (সৈকত ৫০, ইমরুল ৯, শাহরিয়ার ২০, মিঠুন ৩৪, মোসাদ্দেক ৫, নুরুল ০, জিয়া ১১, মাশরাফি ৫০*, রাজ্জাক ২৮*; শহীদ ০/৪৩, শরীফ ০/৫৫, শুভাগত ২/৩২, মোশাররফ ১/৩০, ইলিয়াস ৩/১১, মাহমুদউল্লাহ ১/৪০)।
ফল: দক্ষিণাঞ্চল ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা।