হ্যাটট্রিকের সম্ভাবনা জেগেছিল!
ডারবান টেস্টে শক্ত অবস্থানে থেকে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ২৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করা দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেটে অপরাজিত ছিলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা।
আজ সকালের সেশনে ষষ্ঠ ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন পেসার খালেদ আহমেদ। শরীফুল ইসলামের জায়গায় ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন খালেদ।
আগের দিনের অসমাপ্ত ওভারের শেষ বলটি করে সকালের সেশন শুরু করেন খালেদ। এরপর মেহেদী হাসান মিরাজ ও খালেদকে সহজেই খেলছিলেন ভেরেইনা ও বাভুমা।
৮০ ওভার শেষে বাংলাদেশ নতুন বল নেওয়ার পরের ওভারে খালেদকে দুটি চার মেরে আধিপত্যের ইঙ্গিত দেন বাভুমা। কিন্তু নিজের পরের ওভারে এসেই ভেলকি দেখান খালেদ। ৮৩তম ওভারে তাঁর দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার হন ভেরেইনা। বলটা সিমে পড়ে ভেতরে ঢুকেছিল।
মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ভেরেইন। তৃতীয় আম্পায়ারও তাঁকে আউট ঘোষণা করেন।
খালেদের পরের বলে পুরোপুরি পরাস্ত হন নতুন ব্যাটসম্যান উইয়ান মোল্ডার। আউটসুইং ডেলিভারিটি তাঁর ব্যাটের কানা ছুঁয়ে গালিতে দাঁড়ানো মাহমুদুল হাসানের হাতে জমা পড়ে। নিজের বাঁ দিকে ঝাঁপ দিয়ে দেখার মতো এক ক্যাচ নেন মাহমুদুল।
স্লিপ কিংবা গালিতে বাংলাদেশের ফিল্ডারদের এমন ক্যাচ বহুদিন দেখা যায় না। ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরতে হয় মোল্ডারকে। অর্ধশতক তুলে নেওয়া বাভুমার (৬৫) সঙ্গে উইকেটে আছেন স্পিনার কেশব মহারাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
কাল প্রথম দিনে ডিন এলগারকেও তুলে নেন খালেদ। ৩ উইকেট নেওয়া খালেদই এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল।