দুই ভূমিকায় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ট্রফি হাতে ড্যারেন লেম্যান
বিশ্বকাপের ট্রফি হাতে ড্যারেন লেম্যান

এই কীর্তিটা এত দিন ছিল শুধু তাঁর। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন জিওফ মার্শ। কাল পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের দিনে মার্শকে ছুঁয়ে ফেললেন ড্যারেন লেম্যানও। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের কাছ থেকে এতক্ষণে নিশ্চয়ই একটা অভিনন্দনবার্তাও পেয়ে গেছেন সাবেক বাঁহাতি অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই দলটিতে খেলেছেন মার্শের কনিষ্ঠ পুত্র মিচেল মার্শও। বাবা জিওফ মার্শ ছিলেন ১৯৮৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের ওপেনিং ব্যাটসম্যান। শুধু এটুকুই নয়, ওই বিশ্বকাপেই চণ্ডীগড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছিলেন মার্শ। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর একসময় দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে। তাঁর অধীনেই ১৯৯৯ বিশ্বকাপ শিরোপা জেতে স্টিভ ওয়াহর দল। ওই বিশ্বকাপ এবং ২০০৩ সালে পরের বিশ্বকাপে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া দলে খেলেছেন ড্যারেন লেম্যান। শুধু তা-ই নয়, দুটি বিশ্বকাপের ফাইনালই শেষ হয়েছিল লেম্যানের হাতে। ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে সাকলায়েন মুশতাকের বলে জয়সূচক রানটা এসেছিল লেম্যানের ব্যাট থেকে। পরের বিশ্বকাপের ফাইনালে রান তাড়া করতে নামা ভারতের শেষ ব্যাটসম্যান জহির খান আউট হয়েছিলেন গ্লেন ম্যাকগ্রার বলে লেম্যানের হাতে ক্যাচ দিয়ে। খেলোয়াড় হিসেবে দুবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া সেই লেম্যান কাল কোচ হিসেবে আরেকবার বিশ্বকাপ জিতে বসলেন মার্শের পাশে।
বছর দুয়েক আগে অস্ট্রেলীয় ক্রিকেটের বড় দুঃসময়ে দলের দায়িত্ব নেন লেম্যান। ভারতের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আগের কোচ মিকি আর্থারকে। ২০১৩ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে ইংল্যান্ডের মাঠে অ্যাশেজও হারে অস্ট্রেলিয়া। তবে ঘুরে দাঁড়িয়ে দেশের মাটিতে ফিরতি অ্যাশেজই ৫-০ ব্যবধানে জিতে নেয় মাইকেল ক্লার্কের দল। এর পর থেকেই ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে অস্ট্রেলিয়ানরা। এমনভাবে দলটাকে বদলে দেওয়ার কৃতিত্ব অনেকটাই লেম্যানকে দিয়েছেন মার্শ, ‘সে পুরো দলটাকে একটা পরিবার বানিয়েছে। ড্রেসিংরুমে এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে সবাই স্বছন্দে নিজের খেলাটা খেলতে পারছে।’
মাইকেল ক্লার্ক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এখন লেম্যানের জুটিটা হবে সম্ভাব্য নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে। দুজন মিলে অস্ট্রেলিয়াকে অজেয় এক দলে পরিণত করতে পারবেন বলেও আশাবাদী মার্শ, ‘স্টিভেন এরই মধ্যে তার নেতৃত্বগুণ দেখিয়েছে। আমার মনে কোনো সন্দেহ নেই যে তারা দুজন মিলে অস্ট্রেলিয়াকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’ এসএমএইচ।