
প্রথম দিন শেষে মনে হচ্ছিল, এ কোন গ্যাবার উইকেট! চিরকাল যেখানে বোলারদের পেস আর বাউন্সের সামনে পড়ে ব্যাটসম্যানদের বুক কেঁপেছে, সেখানেই কিনা রান আসছে বানের পানির মতো! এমনকি সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লিও বলে দিলেন, গ্যাবার উইকেটের এমন চরিত্র তিনি ‘অনেক, অনেক দিন’ দেখেননি। কাল দ্বিতীয় দিনের অনেকটা সময়ও দেখা গেল সেই একই চরিত্র।
অবশেষে সেই চেনা গ্যাবাকে ফিরিয়ে আনলেন অস্ট্রেলিয়ার দুই ‘মিচেল’—জনসন আর স্টার্ক। শেষ বিকেলে দুই অস্ট্রেলিয়ান পেসারের গতি আর বাউন্সের সামনে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে হঠাৎ ধস। ফল, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৪ উইকেটে ৫৫৬ রানের জবাব দিতে গিয়ে দিন শেষে কিউইরা ধুঁকছে ৫ উইকেটে ১৫৭ রান নিয়ে। রোমাঞ্চ জাগিয়ে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই তাই হারের চোখ রাঙানি ব্রেন্ডন ম্যাককালামের দলের সামনে।
অথচ একটা সময় ব্যাট হাতে সমানতালে জবাব দিচ্ছিল নিউজিল্যান্ডও। দলের ৫৬ রানে গাপটিল ফিরে গেলেও সেই ধাক্কা লাগতে দেননি টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ভাঙতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও চেষ্টার কমতি রাখেননি। ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় সব বোলারকেই আক্রমণে এনেছেন। অবশেষে অস্ট্রেলিয়ার সাফল্য এল মিচেল স্টার্কের হাত ধরে। টম ল্যাথামকে ফিরিয়ে যখন ৪৬ রানের জুটি ভাঙলেন স্টার্ক, কিউইদের রান ১০২। তারপর স্টার্কের সঙ্গে জনসনও তেতে ওঠায় হঠাৎই এলোমেলো হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ১০২ থেকে ১১৮—এই ১৬ রানে পড়ে কিউইদের ৪ উইকেট। যার দুটি স্টার্কের, দুটি জনসনের। কিউইদের আশার প্রদীপ হয়ে অবশ্য টিকে আছেন উইলিয়ামসন, পেয়ে গেছেন ফিফটিও। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই এ বছর দুর্দান্ত ফর্মে আছেন উইলিয়ামসন। তিন সংস্করণে এক বছরে ২০০০ রান করতে পারেননি ইতিহাসের কোনো কিউই ক্রিকেটার। তবে গতকাল পর্যন্ত এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯২ রান হয়ে গেছে উইলিয়ামসনের। কীর্তিটা যে তাঁরই হতে যাচ্ছে, এ নিয়ে সংশয় এখন সামান্যই।
দিনের শেষটা দুই অস্ট্রেলিয়ান পেসারের হলেও শুরুটা কিন্তু ছিল তিন নম্বরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজার। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেয়েছেন আগের দিনই। কাল ১০২ রানে শুরু করে ইনিংসটা নিয়ে গেছেন ১৭৪ পর্যন্ত। পেয়ে যেতে পারতেন প্রথম ডাবল সেঞ্চুরিটাই, কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার তাড়াহুড়োয় বলতে গেলে নিজের উইকেটটা খণ্ডকালীন স্পিনার উইলিয়ামসনকে দিয়ে এসেছেন। চা-বিরতির ঘণ্টা খানেক আগে খাজা আউট হওয়ার পরপরই অ্যাডাম ভোজেসকে ৮৩ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করেন স্মিথ। স্টার স্পোর্টস।