বৃষ্টি কাল শুধু মিরপুরেই নামেনি, নেমেছিল জোহানেসবার্গেও । তবে সেটি চার-ছক্কার বৃষ্টি। চার-ছক্কার ঝড়ের সেই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ২০৪ রান তাড়া করে ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়া ইনিংসের শেষ ওভারেই আসে ২৬ রান। হ্যাস্টিংসের প্রথম চার বলেই ২টি চার, ২টি ছয় অধিনায়ক ফাফ ডু প্লেসির। পঞ্চম বলে তিনি আউট হলেও পরের বলেই ছক্কা ডেভিড ভিসের। তাতেই স্বাগতিকদের রান পার হলো ২০০। অবশ্য ইনিংসজুড়েই ছিল এমন চার-ছক্কার দৌরাত্ম্য। পুরো ইনিংসে ১৭টি চার, ১১টি ছক্কা! ৪১ বলে ৭৯ করেছেন ডু প্লেসি।
অস্ট্রেলিয়ার ইনিংসে ছিল ১৭ চার ও ৯টি ছক্কা। ছক্কার লড়াইয়ে হারলেও ম্যাচ জিতেছে তারাই। টি-টোয়েন্টিতে এর আগে কখনো ২০০ তাড়া করে জেতেনি অস্ট্রেলিয়া। কিন্তু ওয়ার্নার ও ম্যাক্সওয়েল এই অতীত নিয়ে পড়ে থাকেননি। ওয়ার্নারের ৪০ বলে ৭৭ ও ম্যাক্সওয়েলের ৪৩ বলে ৭৫ রানই জয়ের প্রান্তে পৌঁছে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ১ রানের ব্যবধানে এই দুজন ফিরে গেলেও ম্যাচ জিতিয়েই ফিরেছেন মিচেল মার্শ। ম্যাচ-সেরা হয়েছেন ওয়ার্নারই। ক্রিকইনফো।