দুই শর ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এরপর তামিম ইকবাল ও মোহাম্মদ হাফিজের সৌজন্যে এক ম্যাচে দুই ডাবল সেঞ্চুরি দেখেছে খুলনা টেস্টও। সর্বশেষ আবুধাবিতে ডাবল সেঞ্চুরি পেলেন পাকিস্তানের শোয়েব মালিক ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। টেস্ট ইতিহাসে এই প্রথম এক পঞ্জিকাবর্ষে তিন ম্যাচে জোড়া ডাবল সেঞ্চুরি হলো। এবারের আগে ১৯৩৮, ১৯৮৫, ২০০১, ২০০৫ ও ২০০৮ সালে দুই টেস্টে দুটি করে ডাবল সেঞ্চুরি হয়েছিল। টেস্ট ক্রিকেট এক ম্যাচে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরিও দেখেছে দুবার। ১৯৬৫ সালে ব্রিজটাউন টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও বব সিম্পসন এবং ওয়েস্ট ইন্ডিজের সিমুর নার্স। ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরার ডাবল সেঞ্চুরির পর ট্রিপল সেঞ্চুরি পেয়ে যান পাকিস্তানের ইউনিস খান।