দুই শরিকের ম্যাচে বৃষ্টি-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি আসার আগে একটা ঝড়! সেই ঝড়ে লন্ডভন্ড কলাবাগান ক্রিকেট একাডেমির ইনিংস। ১৩ ওভারে কোনোক্রমে ৩৫ রান তুলেই ড্রেসিংরুমে ফিরে গেলেন দলের শীর্ষ চার ব্যাটসম্যান। তবে ওই বৃষ্টিটাই অন্তত কাল একাডেমিকে বাঁচিয়ে দিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে কলাবাগান একাডেমির ম্যাচটি গড়িয়েছে আজ রিজার্ভ ডেতে।
একাডেমির ইনিংসের ১৫তম ওভারে বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এরপর মাঝে মাঝে খেলা শুরুর সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বরং দুপুরের দিকের প্রবল বৃষ্টিটাই ম্যাচটিকে ভাসিয়ে নিয়ে যায় রিজার্ভ ডেতে। বৃষ্টির পানিতে মাঠ প্রায় ডুবুডুবু, স্টেডিয়ামের আশপাশের এলাকাও পানির নিচে। এমন পরিস্থিতিতে খেলা হওয়ার কোনো সুযোগই দেখেননি না আম্পায়াররা। প্রায় সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করে বেলা আড়াইটার দিকে দিনের খেলা বাতিল করে দেন তাঁরা।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনার ইরফান শুক্কুরকে তাসামুল হকের ক্যাচ বানান দেওয়ান সাব্বির। তবে ৭ ওভারের টানা স্পেলে একাডেমির ইনিংসের ভিত কাঁপিয়ে দেওয়ার কাজটা করেন নতুন বলে ইরফানের সঙ্গী মাশরাফি বিন মুর্তজা। ৭ ওভারের তিনটিই মেডেন, শেষ দুটি আবার পর পর দুই ওভারে! শেষ পর্যন্ত মাশরাফির বোলিং বিশ্লেষণ—৭-৩-১৩-২। যতীন সাক্সেনা ও মাইশুকুর রহমান, কলাবাগান অধিনায়কের বলে দুজনই ক্যাচ দিয়েছেন উইকেটকিপারের হাতে। মাহমুদুল হাসানের উইকেটটি নিয়েছেন আবদুর রাজ্জাক।
৮, ১৪, ৩৩ আর ৩৫ রানে ৪ উইকেট পড়ার পর একাডেমিকে উদ্ধারের দায়িত্ব এখন মেহেদী হাসান ও তাপস ঘোষের হাতে। অপরাজিত ছিলেন দুজনই।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি: ১৪.২ ওভারে ৩৫/৪ (মাইশুকুর ১৭; মাশরাফি ২/১৩)। অসমাপ্ত।