দুই সিরিজের পাকিস্তান দল
জিম্বাবুয়ের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের সিরিজ খেলেই সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। কাল সফর দুটির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৭ সেপ্টেম্বর হারারেতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর। আর আরব আমিরাতে ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্টের সিরিজ শুরু হবে ১৩ অক্টোবর।
পাঁচ বছর পর পাকিস্তানের টেস্ট দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান ফাওয়াদ আলম। সর্বশেষ ২০০৯ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফাওয়াদ দলে আসায় বাদ পড়েছেন ২০ বছর বয়সী ব্যাটসম্যান বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাওয়া চোট কাটিয়ে পেসার ওয়াহাব রিয়াজ টেস্ট দলে ফিরেছেন এহসান আদিলের জায়গায়। রিয়াজ আছেন জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও। চোট কাটিয়ে ব্যাটসম্যান সোহেব মাকসুদও ফিরেছেন একই দলে। টি-টোয়েন্টি দলে অভিষেক হতে পারে পেসার ইমরান খান জুনিয়র, অলরাউন্ডার আমির ইয়ামিন ও বিলাল আসিফের। ক্রিকইনফো।