দুই সেঞ্চুরিতে ভারতীয় জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি হলো বিজয়ের। খানিক আগে সেঞ্চুরি হয়েছে পূজারারও। তৃতীয় দিনে তাঁদের ২০৯ রানের জুটিটাই ভারতের হাত থেকে আলগা হতে দেয়নি ম্যাচের রাশ l এএফপি
সেঞ্চুরি হলো বিজয়ের। খানিক আগে সেঞ্চুরি হয়েছে পূজারারও। তৃতীয় দিনে তাঁদের ২০৯ রানের জুটিটাই ভারতের হাত থেকে আলগা হতে দেয়নি ম্যাচের রাশ l এএফপি

পল ফারব্রেসের কথা শুনে খানিকটা বিস্ময় জাগতে পারে। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১৯ রান ভারতের। উইকেটে এখনো বিরাট কোহলি আছেন। লম্বা ব্যাটিং লাইনআপে আছেন আরও চার ব্যাটসম্যান। তবু ইংল্যান্ডের সহকারী কোচের দাবি, ‘আজ (কাল) আমাদের দিনটা বেশ ভালো গেছে!’
রাজকোট টেস্টের যে অবস্থা তাতে ফারব্রেসের কথা গিলে নিতে হচ্ছে। এমনই এক পিচে খেলা হচ্ছে রাজকোটে, সেখানে তৃতীয় দিনেও বোলাররা কোনো সুবিধা আদায় করতে পারেননি। প্রত্যাশিত সাহায্যের হাত বাড়ায়নি রিভার্স সুইংও। এমন এক দিনে ৮৫.৩ ওভারে ভারত মাত্র ২৫৬ করতে পেরেছে—দিনটিকে ভালো বলতেই পারে ইংল্যান্ড দল।
তবে দিনের শেষ ৪টি বল ইংল্যান্ডের হাসিটা চওড়া করে দিল। ২ উইকেট হারিয়ে হঠাৎই বিপাকে ভারত। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে যে এখনো ২১৮ রান পিছিয়ে স্বাগতিক দল। অথচ দিনের পুরোটা সময় ছড়ি ঘুরিয়েছেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। ২০৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ইংলিশদের কোণঠাসা করে ফেলেছিলেন তাঁরা।
দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক দল। দ্বিতীয় ওভারেই আউট গৌতম গম্ভীর। কিন্তু পূজারা নেমেই নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন। গত কিছুদিনে তাঁর বিরুদ্ধে ওঠা ধীরগতির ব্যাটিংয়ের জবাব দিয়েছেন দুর্দান্ত সব শটে। ১৬৯ বলে পেয়েছেন সেঞ্চুরি। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার। অন্য প্রান্তে বিজয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। ধীরস্থির ব্যাটিংয়ে ইংলিশ বোলারদের হতাশ করেছেন প্রায় পুরো দিন। চা-বিরতির পর টানা দুই চারে যখন ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি পেলেন, আড়াই শ বল খেলা হয়ে গেছে তাঁর।
দিনের খেলা শেষ যখন শেষের পথে, তখনই ভুল বিজয়ের। আদিল রশিদের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট। নাইটওয়াচম্যান হিসেবে নামা অমিত মিশ্র থাকতে পেরেছেন মাত্র ২ বল। তাতেই ইংল্যান্ডের ক্লান্তিকর এক দিন রূপ নিয়েছে ভালো দিনে। স্টার স্পোর্টস।