দুই সেঞ্চুরিতে শিরোপা উৎসব

শিরোপা ধরে রাখতে ড্র-ই যথেষ্ট ছিল। তাই কোনো ঝুঁকি নিতে চাননি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল অধিনায়ক আবদুর রাজ্জাক। কাল চট্টগ্রামে ম্যাচের শেষ দিনে অধিনায়কের কথামতোই হাঁটল দক্ষিণাঞ্চল। ইনিংস ঘোষণা না করে ব্যাটিং করে গেছে অলআউট হওয়ার আগ পর্যন্ত। চা-বিরতির ঠিক আগে ৪৫২ রানে থেমেছে দক্ষিণের ইনিংস। সন্তানের জন্মক্ষণে কাছে থাকতে কাল সকালেই ঢাকায় চলে আসায় ব্যাট করেননি রাজ্জাক। তবে ততক্ষণেই প্রায় নিশ্চিত হয়ে গেছে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল।
চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প ছিল না ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। কিন্তু জেতার জন্য এক সেশনেই করতে হতো ৫৯১। ওপেনার লিটন দাস ও অধিনায়ক অলক কাপালির ফিফটিতে পূর্বাঞ্চল ৩ উইকেটে ১৬৬ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। পূর্বাঞ্চলের ৩টি উইকেটই নিয়েছে দক্ষিণের পেসার আল আমিন হোসেন।
এর আগে ৪ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল যোগ করেছে আরও ২২১ রান। সেঞ্চুরি পেয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। ১৬৫ বলে ১৫ চার ও ৩ ছয়ে ১২৭, প্রথম শ্রেণির ক্রিকেটে সৌম্য প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কালই। আর এই অর্জনের জন্য তাঁকে খেলতে হয়েছে ৩৫ ম্যাচ ও ৬৬ ইনিংস। তবে ১৭৬ রানের পঞ্চম উইকেট জুটিতে সৌম্যর সঙ্গী মোসাদ্দেক ১০ ম্যাচ ও ১৬ ইনিংসেই পেয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি। ৮ চার ৫ ছক্কায় ১৮৩ বলে ১১৯ রান করেছেন মোসাদ্দেক। সর্বশেষ জাতীয় লিগে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান কাল পেরিয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলকও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলকে ৮০ রানে হারিয়ে তৃতীয় হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করা উত্তরাঞ্চল অলআউট হয়েছে ১২২ রানে। ২ উইকেটে ১১ রান নিয়ে দিন শুরু করা দলটি কাল টিকেছে আর ৩৮ ওভার। তবে দিনের প্রথম সেশনে খেলা হতে পেরেছে মাত্র ৪.৩ ওভারই। বৃষ্টিতে দুবার খেলা বন্ধ হওয়ার সুফল নিতে পারেনি উত্তর। অলআউট হয়েছে চা-বিরতির আগেই। মধ্যাঞ্চলের অফ স্পিনার শুভাগত হোম ৪টি, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মোহাম্মদ শহীদ নিয়েছেন ৩টি করে উইকেট।
পয়েন্ট তালিকা
| ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট |
| দক্ষিণাঞ্চল ৩ | ১ | ০ | ২ | ৪৬ |
| পূর্বাঞ্চল ৩ | ১ | ০ | ২ | ৩৯ |
| মধ্যাঞ্চল ৩ | ১ | ১ | ১ | ৩৩ |
উত্তরাঞ্চল ৩
| ০ | ২ | ১ | ১৮ |
রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২-১৩ মধ্যাঞ্চল উত্তরাঞ্চল
২০১৩-১৪ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৪-১৫ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম
দক্ষিণাঞ্চল: ৩৮৫ ও ১০৭.২ ওভারে ৪৫২ (সৌম্য ১২৭, মোসাদ্দেক ১১৯, এনামুল ৭০, নুরুল ৩৪, সোহাগ ২৯*, শাহরিয়ার ২৯; হাসান ৩/২৬, জায়েদ ২/৭৭, অপু ২/৮৭)। পূর্বাঞ্চল: ২৪৭ ও ৩৪ ওভারে ১৬৬/৩ (লিটন ৭৪, অলক ৫৫*, সাদমান ২৯; আল আমিন ৩/৪৩)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন (দক্ষিণাঞ্চল)।
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, মিরপুর
মধ্যাঞ্চল: ২৮৯ ও ২০০।
উত্তরাঞ্চল: ২৮৭ ও ৪০.৪ ওভারে ১২২ (মাহমুদুল ৩৪, সাব্বির ৩২, তাইজুল ২০; শুভাগত ৪/৩৫, মোশাররফ ৩/২৭, শহীদ ৩/৩২)।
ফল: মধ্যাঞ্চল ৮০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম (মধ্যাঞ্চল)।