দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিকভেলা-গুনাতিলকার ২২৯ রানের উদ্বোধনী জুটিই কাল হাম্বানটোটায় বড় জয় এনে দিল শ্রীলঙ্কাকে l এএফপি
ডিকভেলা-গুনাতিলকার ২২৯ রানের উদ্বোধনী জুটিই কাল হাম্বানটোটায় বড় জয় এনে দিল শ্রীলঙ্কাকে l এএফপি

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটা আবার আসতে চলেছে ঘরের মাঠে। কাল নিরোশান ডিকভেলার যেন তর সইছিল না। ৯৮ থেকে একটি সিঙ্গেল নিয়ে ৯৯-তে পৌঁছেই হেলমেট খুলে উদ্‌যাপন শুরু করে দিলেন!

৯০-এর ঘরে এসে নিজের রান গুনতে শুরু করেছিলেন ডিকভেলা। শেষ দিকে এসে এলোমেলো হয়ে যায় তা। জিজ্ঞেস করেছিলেন পার্টনার দানুষ্কা গুনাতিলকাকে। প্রথম সেঞ্চুরির পথে ছিলেন তিনিও। ডিকভেলার হিসাবটা গুলিয়ে ফেলেছিলেন এই ওপেনারও। পরের ওভারেই অবশ্য আরেকটি রান নিয়ে সেঞ্চুরি উদ্‌যাপন করেন ডিকভেলা। পরে সেঞ্চুরি পেয়েছেন গুনাতিলকাও। দুজনের সেঞ্চুরিতে ৮ উইকেট আর ১৬ বল হাতে রেখে ৩১১ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। হ্যামিল্টন মাসাকাদজার পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে হাম্বানটোটায় জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে করেছিল ৩১০ রান।

গত ৩০ জুনের আগ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ৩২ বার ৩০০ বা এর বেশি রান তাড়া করেছে দলগুলো। কিন্তু একবারও সফল হতে পারেনি। বন্ধ দরজাটা খুলে দিয়েছিল এই জিম্বাবুয়ে। এই সিরিজের প্রথম ম্যাচে গলে শ্রীলঙ্কার ৩১৬ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছিল সফরকারীরা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কাল ১০ ওভারের কোটা পূর্ণ করেছেন দুজন। চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্দাকান ৭৩ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। পেসার আসেলা গুনারত্নে ২ উইকেট নিতে খরচ করেছেন ৫৩ রান। সবচেয়ে খরুচে ছিলেন লাসিথ মালিঙ্গা। ৯ ওভারে দিয়েছেন ৭১ রান, উইকেট একটি। এরপরও গুনাতিলকা বোলারদের প্রশংসাই করেছেন, ‘বোলারদের কৃতিত্ব দিতে হবে। বোলারদের জন্য কঠিন এক উইকেট এটা। তারা সত্যি খুব ভালো করেছে।’ আসলেই ব্যাটিংস্বর্গ ছিল হাম্বানটোটার উইকেট। এমন উইকেটে জিম্বাবুয়ের ৩১০ রান যথেষ্ট হয় কী করে! সূত্র: টেন থ্রি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ৩১০/৮ (মাসাকাদজা ১১১, মুসাকান্দা ৪৮, উইলিয়ামস ৪৩, রাজা ২৫*, মুর ২৪; ডি সিলভা ২/৪৪, গুনারত্নে ২/৫৩, নুয়ান প্রদীপ ১/২৮, মালিঙ্গা ১/৭১, সান্দাকান ১/৭৩)।

শ্রীলঙ্কা: ৪৭.২ ওভারে ৩১২/২ (ডিকভেলা ১০২, গুনাতিলকা ১১৬, মেন্ডিস ২৮*, থারাঙ্গা ৪৪*; ওয়ালার ১/৩২, উইলিয়ামস ১/৬৩)।

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দানুষ্কা গুনাতিলকা।