কুইন্টন বোটসওয়াইনের বলটা অফ স্টাম্পের একটু বাইরে পড়ে উঠে এল। মুশফিকুর রহিমের পুল। স্কয়ার লেগ ও মিড উইকেটের মাঝখান দিয়ে চার রান। আর ওই চারের পরই ড্রেসিংরুমের দিকে ফিরে ব্যাট তুললেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি!
টনিটো উইলেট বলটা করেছিলেন লেগ স্টাম্পের ওপর। ফ্লিকে সেটাকে ফাইন লেগের দিকে পাঠিয়েই প্রান্ত বদল মুশফিকের সঙ্গে। সেঞ্চুরি হয়ে গেল নাসির হোসেনেরও।
—প্রথম দিন শেষে ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক, ৭৮ রান নিয়ে নাসির। ১৮৬ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেট জুটিতে ওই দিনই দুজনে যোগ করে ফেলেন আরও ১৪৪ রান। দলের স্কোর ৬ উইকেটে ৩৩০। কাল স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার ঠিক এক ঘণ্টা পর স্কোরবোর্ডে আরও ৪৭ রান যোগ হতেই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে নাসির (১০০) সেঞ্চুরি করে আউটও হয়ে গেছেন। সেঞ্চুরির এক বল পর বোল্ড হয়ে গেছেন উইলেটের বলে। তখনই ইনিংস ঘোষণা করে মুশফিক অপরাজিত ছিলেন ১০৬ রানে। তাঁদের ষষ্ঠ উইকেট জুটিটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১৯১ রানের।
বাংলাদেশের ৭ উইকেটে করা ৩৭৭ রানের জবাবে কাল চা-বিরতি পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্রথম ইনিংসে ২ উইকেটে করেছে ১৪৪ রান। সেঞ্চুরি করে ১১০ রানে অপরাজিত থাকা ওপেনার শেন জেফার্সের সঙ্গে ১৪ রান নিয়ে ছিলেন শিবনারায়ণ চন্দরপল। অবশ্য রুবেলের বলে সেকেন্ড স্লিপে নাসির ক্যাচটা নিতে পারলে ১৫ রানেই বিদায় নিতে হতো জেফার্সকে।
উইকেট থেকে পেসাররা তেমন কিছু খুঁজে না পেলেও নবাগত বাঁহাতি স্পিনার তাইজুল খারাপ করছিলেন না বল। তাঁর বলেই ৩ নম্বর ব্যাটসম্যান জাভাল হজের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন মুমিনুল। ডিপ ফাইন লেগে দৌড়ে শর্ট ফাইন লেগের কাছে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে নিয়েছেন ক্যাচটা। অবশ্য স্বাগতিকদের ইনিংসে প্রথম ভাঙনটা ধরিয়েছেন পেসার রুবেল হোসেন। উইকেটের পেছনে ওপেনার শ্যাকিল মার্টিনার ক্যাচটা নিয়েছেন এনামুল হক (বিজয়)। প্রস্তুতি ম্যাচে মুশফিকের পরিবর্তে উইকেট কিপিং করছেন তিনিই।
প্রথম দিন সকালে পেসারদের খেলতে একটু সমস্যা হচ্ছিল ব্যাটসম্যানদের। কিন্তু সময় যত গড়িয়েছে, ওয়ার্নার পার্কের উইকেট ততই হয়ে উঠেছে ব্যাটিং স্বর্গ। খেই হারিয়ে ফেলেছেন স্বাগতিক দলের বোলাররাও। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে যাঁরা রান পাননি, ড্রেসিংরুমে তাঁদের নাকি আফসোসের সীমা ছিল না। সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলটা ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সারির কোনো দলও না, সেটা যে ততক্ষণে পরিষ্কার! এ ধরনের দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে আসলে কতটা লাভ হয়, বিসিবিই ভালো জানে সেটা।
কাল তো শুরু থেকেই এলোমেলো স্থানীয়দের বোলিং-ফিল্ডিং। যেটা বড় জোর ১ রান হয়, ফিল্ডারের হাত গলে সেটাও হয়ে গেছে চার। ফিল্ডারদের সবচেয়ে বড় ‘বদান্যতা’ পেয়েছেন মুশফিক। বোটসওয়াইনের বলে খোঁচা মারতে গিয়ে ব্যক্তিগত ৯১ রানে ক্যাচ দিয়েছিলেন দ্বিতীয় স্লিপে, কিন্তু ফিল্ডার ধরতে পারলে তো! অবশ্য এই একটা ব্যতিক্রম ছাড়া মুশফিক-নাসির পুরো ইনিংসেই ব্যাট করে গেছেন বোলার-ফিল্ডারদের কোনো সুযোগ না দিয়ে।
তিন দিনের প্রস্তুতি ম্যাচটা শেষ পর্যন্ত হয়তো ড্রই হবে। এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস বাংলাদেশ দল টেস্টে কীভাবে কাজে লাগায়, দেখার বিষয় সেটাই। তবে এক দিনের প্রস্তুতি ম্যাচটা ভালোভাবে জেতার পরও ওয়ানডে সিরিজে ফলাফল যা হয়েছে, তাতে আশাবাদী হতে একটু ভয়ই লাগে।