
টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই অনেক বিশেষজ্ঞ বলছিলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল হতে পারে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দলই ফাইনালে উঠেছে, কথাটির সঙ্গে খুব বেশি লোক বোধ হয় দ্বিমত করবেন না।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ছিল দুর্দান্ত। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ দারুণ একটা শুরু এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বটে, কিন্তু শেষ দিকে কয়েকটি ঝোড়ো ইনিংস তাদের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে।
ভারত রান তাড়ায় খুবই ভালো। কিন্তু ভালো একটা বোলিং আক্রমণের বিপক্ষে ৩২৯ রান তাড়া করা সব সময়ই কঠিন। টপ অর্ডারের কাছ থেকে তাদের বড় একটা ইনিংস পেতে হতো। কিন্তু শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলিরা তাড়াতাড়ি ফিরে যাওয়ায় সেটা হয়নি। শেষ দিকে ধোনির ওপর যে চাপ চলে এসেছিল সেটা সামাল দেওয়া সম্ভব হয়নি।
অসাধারণ একটা গ্রীষ্ম কাটাচ্ছে স্টিভ স্মিথ। গত ছয় মাসে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ তার ভূমিকা। তিন নম্বরে ব্যাট করার দায়িত্ব অনেক, টপ অর্ডারে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাড়তি একটা দায়িত্ব সব সময় কাঁধে নিতে হয়। টেস্ট সিরিজ থেকেই ভারতের সঙ্গে জ্বলে ওঠা ওর যেন অভ্যাসই হয়ে গেছে।
অস্ট্রেলিয়া দল হিসেবে খেলেই এত দূর এসেছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও তাই। গত ম্যাচেই তো অনেকের অবদান ছিল, মিচেল জনসন উইকেট নিয়েছে, দ্রুত কিছু রান করেছে। মিচেল স্টার্ক বল হাতে পার্থক্য গড়ে দিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল ছোট কিন্তু ঝোড়ো একটা ইনিংস খেলেছে, ফিল্ডিংয়েও ছিল দারুণ।
ভারতের খেলোয়াড়েরা নিঃসন্দেহে হতাশ। এই টুর্নামেন্টে তারা দারুণ করেছে, মাথা উঁচু করেই দেশে ফিরতে পারে তারা। গত কয়েক বছরে একটা পালাবদলের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। আমাকে বলতেই হবে, ওদের উন্নতি চোখে পড়ার মতো।
দুর্দান্ত একটা ম্যাচের জন্য ফাইনালের মঞ্চ এখন প্রস্তুত। আশা করি, আনন্দদায়ী এই বিশ্বকাপের শেষটাও রোমাঞ্চকর হবে। দুই দলের মধ্যে একটি বেছে নেওয়া খুব কঠিন। অনেক দিক দিয়েই দুই দল একদম কাছাকাছি—বিস্ফোরক ব্যাটিং, ব্যবধান গড়ে দেওয়া বোলিং, বিদ্যুৎ গতির ফিল্ডিং।
অস্ট্রেলিয়া নিশ্চয়ই নিজেদের মাঠের খেলার সুবিধা নিতে চাইবে? এটা প্রভাব ফেলতে পারে, কারণ নিউজিল্যান্ডের ভালো করার পেছনে নিজেদের দর্শকদের হৃদয় নিংড়ানো সমর্থনও ছিল। তবে জমজমাট একটা ম্যাচের ব্যাপারে আশাবাদী। (গেমপ্ল্যান)