দুই স্তরের আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত
ক্রিকেটের চেহারা বদলে দিতে যাওয়া দ্বিস্তরবিশিষ্ট কাঠামো প্রস্তাব অনুমোদন পায়নি স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আইসিসির বার্ষিক সভায়। সভা শেষে কাল এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আইসিসির এ সভায় এমন কিছু প্রস্তাব উঠতে যাচ্ছে, যেগুলো অনুমোদন পেলে ক্রিকেটের চেহারাই বদলে যাবে। দ্বিপক্ষীয় সিরিজভিত্তিক ক্রিকেটের বদলে খেলাটা হয়ে যাবে লিগভিত্তিক। ক্রিকেটে চালু হবে দ্বিস্তরবিশিষ্ট কাঠামো। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ, ওয়ানডেতে ১৩টি। থাকবে উত্তরণ ও অবনমনের ব্যবস্থা।
এশিয়ার পূর্ণ সদস্য চারটি দেশই এই প্রস্তাব সমর্থন করেনি—পরশু এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আগেই অবস্থান পরিষ্কার করে দিয়েছিল, আইসিসির দুই স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব তারা সমর্থন করে না। একটি সূত্রে জানা গেছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও প্রস্তাবটির বিরোধিতা করছে।
আপাতত প্রস্তাবটি অনুমোদন না পেলেও দুবাইয়ে আগামী সেপ্টেম্বরের শুরুতে এ নিয়ে একটি কর্মশালা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করবে সদস্যদেশগুলো। তবে প্রস্তাবিত নতুন প্রতিযোগিতাসংবলিত কাঠামো অনুমোদন না পেলেও অগ্রগতিতে সন্তুষ্ট আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘এটা নানা দিক দিয়েই খুব জটিল বিষয়। তবে এখন পর্যন্ত সভাগুলোয় যে অগ্রগতি হয়েছে, তাতে আমি খুশি। দুবাইয়ে পরবর্তী সভার দিকে তাকিয়ে আছি।’