
কিছুটা পিটার সিডলের চোট আর কিছুটা সিডনি ক্রিকেট মাঠের ঐতিহ্য। দুইয়ে মিলে একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে স্টিভেন ও’কিফির সামনে।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর তাঁকে প্রায় ১০ বছর অপেক্ষা করতে হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট খেলার জন্য। তবে ২০১৪ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টটাই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের একমাত্র টেস্ট হয়ে আছে। সেই ও’কিফই আবারও ফিরছেন সাদা পোশাকে অস্ট্রেলিয়ার হয়ে। বাংলাদেশ সময় কাল ভোরে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দুই স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া!
দলে নাথান লায়ন আছেন। এই সময়ে বাঁহাতি স্পিনার ও’কিফের সুযোগ পাওয়া কঠিনই ছিল। তবে সিডনির স্পিনপ্রীতি আর পেসার পিটার সিডলের চোট সেই সুযোগটাই এনে দিয়েছে ও’কিফের সামনে। একাদশে তাঁর থাকাটা অনেকটাই নিশ্চিত করে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘আমরা যেটা বুঝি, এখানে (সিডনি) স্পিন ধরে। সর্বশেষ যে কয়েকটি ম্যাচ দেখেছি, সেগুলোতেও বল ঘুরেছে। খুব সম্ভবত তাই আমরা দুই স্পিনার নিয়েই খেলব।’
অস্ট্রেলিয়া সর্বশেষ দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে প্রায় ১০ বছর আগে। ২০০৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিল। লেম্যানের কথা অনুযায়ী, এবার লায়নের সঙ্গে ও’কিফের জুটি বাঁধা প্রায় নিশ্চিত। তবে অস্ট্রেলিয়ার কোচ ‘সম্ভবত’ শব্দটা ব্যবহার করেছেন বলেই হয়তো ও’কিফও লাগাম টেনে ধরলেন আবারও সাদা পোশাকে খেলার স্বপ্নে, ‘আমি আত্মবিশ্বাসী, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়!’
এমনিতেই তিন ম্যাচের এই সিরিজের শেষ টেস্টটি স্রেফ নিয়মরক্ষার হয়ে গেছে হোবার্ট ও মেলবোর্নে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে। আগের দুই টেস্ট মিলিয়ে যেখানে অস্ট্রেলিয়া ১৩১৩ রান তুলেছে ১০ উইকেটের বিনিময়ে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ ৯২৪ রান করেছে ৩৮ উইকেট হারিয়ে! সিডনিতে সেই দৃশ্যটা বদলালে তা বড় চমকই হবে।
১৯৬১ সালের পর সিডনিতে কোনো টেস্ট জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ এই মাঠে তারা টেস্ট খেলেছিল ২০০১ সালে, সেখানে লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল একাই নিয়েছিলেন ৭ উইকেট। এবার দুই স্পিনারের অস্ট্রেলিয়ার সামনে কতটা প্রতিরোধ গড়তে পারবে জেসন হোল্ডারের দল? এএফপি।