দুই স্পিনারের অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার চার মাসেরও বেশি সময় পর কাল চ্যাম্পিয়নশিপ গদাটা বুঝে পেল অস্ট্রেলিয়া। পাল্লেকেলে টেস্টের আগে অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে গদাটা তুলে দিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন l এএফপি
টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার চার মাসেরও বেশি সময় পর কাল চ্যাম্পিয়নশিপ গদাটা বুঝে পেল অস্ট্রেলিয়া। পাল্লেকেলে টেস্টের আগে অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে গদাটা তুলে দিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন l এএফপি

ভারতকে সরিয়ে টেস্ট-রাজ গত ফেব্রুয়ারিতেই পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। রাজত্ব ফিরে পেলেও শ্রেষ্ঠত্বের প্রতীক রাজদণ্ডটা তখনই স্টিভেন স্মিথদের হাতে ওঠেনি। গদারূপী সেই রাজদণ্ডটা অস্ট্রেলীয়রা হাতে পেল গতকাল শ্রীলঙ্কার ক্যান্ডির উপকণ্ঠে পাল্লেকেলেতে। এখানেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে অস্ট্রেলিয়া।
রাজদণ্ড হাতে পাওয়ার দিনেই একটু চমক উপহার দিলেন স্মিথ। ম্যাচের আগের দিনই একাদশ দিয়ে দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। চমক আছে একাদশেও। অস্ট্রেলিয়া খেলতে নামছে দুই স্পিনার নাথান লায়ন ও স্টিভ ও’কিফকে নিয়ে। ব্যক্তিজীবনে ঘনিষ্ঠ দুই বন্ধু শেফিল্ড শিল্ডেও খেলেন একই দল নিউ সাউথ ওয়েলসে। গত সপ্তাহে কলম্বোয় শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার ও’কিফ।
দুই স্পিনার না নিয়ে অবশ্য উপায়ও ছিল না অস্ট্রেলিয়ার। অধিনায়ক স্মিথ তো ম্যাচ শুরুর আগের দিনই উইকেটে ফাটল দেখতে পেয়েছেন, ‘এখানে উইকেটে স্পিন ধরবেই। প্রথম ইনিংসের কথা বলতে পারি না, তবে উইকেট খুব শুষ্ক ও অনেক ফাটলও আছে। এটা নিশ্চিতভাবেই স্পিনারদের সাহায্য করবে। আমাদের দুই স্পিনার প্রস্তুতি ম্যাচে ভালো করেছে।’
স্পিন নিয়ে প্রস্তুতির কোনো ঘাটতিই রাখেনি অস্ট্রেলিয়া। লঙ্কায় এসে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে পরামর্শক করেছে। ‘বিভীষণ’ মুরালি শুধু স্পিনারদেরই সাহায্য করেননি, পরামর্শ দিচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরও। রঙ্গনা হেরাথকে সামলাতে হবে না!
দুই দলের স্পিনারদের তুল্যমূল্য বিচারে যোজন ব্যবধানেই এগিয়ে থাকেন হেরাথ। মুরালিধরনের বিদায়ের পর শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ভার প্রায় একাই বইছেন এই বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথও প্রাপ্য সম্মান দিতে ভোলেননি হেরাথকে।
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে অবশ্য প্রতিপক্ষের চেয়ে নিজের দলকে নিয়েই বেশি ভাবতে হচ্ছে। জয়াবর্ধনে-সাঙ্গাকারার বিদায়ের পর প্রায় নতুন চেহারা নেওয়া দলটি যে জিততেই ভুলে গেছে। তিন সংস্করণের ক্রিকেটে এ বছর ২২ ম্যাচ খেলে মাত্র একবারই কোনো টেস্ট খেলুড়ে দলকে হারাতে পেরেছে লঙ্কানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইতিহাসটাও ভুলে যাওয়ার মতো শ্রীলঙ্কার। মুখোমুখি হওয়া ২৬ ম্যাচের মাত্র একটিই জয় শ্রীলঙ্কার। সেটিও ১৯৯৯ সালে দেশের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে। তিন ম্যাচের সিরিজটা ১-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ওই সিরিজের দ্বিতীয় টেস্টেই অভিষেক হেরাথের।
হেরাথ কি পারবেন ভুলতে বসা সিরিজ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে? এএফপি, ক্রিকইনফো।
টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা
ম্যাচ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ড্র
মোট ২৬ ১৭ ১ ৮
শ্রীলঙ্কায় ১৩ ৬ ১ ৬
পাল্লেকেলেতে ১ ০ ০ ১