দুই স্বাগতিকের সঙ্গে ভারত-দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের প্রচারণায় ব্যস্ত শচীন টেন্ডুলকার। গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, ইন্ডিয়ান সুপার লিগ দেখতে গ্যালারিতে হাজির হচ্ছেন নিজের বই নিয়ে। বইয়ের প্রচারণা চালাতে গিয়েছেন ক্রিকেট তীর্থ লর্ডসেও। পরশু সেখানে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তরও দিলেন। প্রতিটি উত্তরেই দেখা মিলল তাঁর সিগনেচার শটের, একেকটি যেন দর্শনীয় স্ট্রেট ড্রাইভ!
এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিলেন, আসছে বিশ্বকাপে কোন দলের সম্ভাবনা দেখছেন? টেন্ডুলকারের উত্তর, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডই ফেবারিট। সঙ্গে ভারত। এই চারটি দলই আমার সম্ভাব্য সেমিফাইনালিস্ট।’ ইংল্যান্ডের কোনো সুযোগ নেই? টেন্ডুলকারের উত্তর, ‘যেকোনো কিছুই সম্ভব। কিন্তু ওরা যে ফর্মে আছে, আমার মনে হয় না ইংল্যান্ড ঠিক প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে।’
ইংল্যান্ডের মাটিতে বসে কিনা ইংল্যান্ডের সম্ভাবনা নাকচ! ইংলিশরা নিশ্চয়ই একটু মন খারাপ করতে পারেন। সেটা জানেন বলেই খানিকটা পর নিজের রসবোধের পরিচয় দিলেন, ‘ইংল্যান্ড সব সময়ই আমার মনে বিশেষ জায়গা দখল করে আছে। আর আমার শাশুড়িও একজন ইংলিশ। কাজেই ইংল্যান্ড নিয়ে কথা বলার সময় অবশ্যই আমাকে ভেবেচিন্তে বলতে হবে!’
তবে ভারতের সম্ভাবনার কথা বলতে গিয়ে টেন্ডুলকারের কণ্ঠ একটু গম্ভীরই, ‘আমার মনে হয় ভারত সবাইকে বিস্মিত করতে পারে। স্পিনাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পিচে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা! একটু অবাকই হওয়ার কথা। তবে টেন্ডুলকারের যুক্তি, ‘সবাই বলছে পিচ ফাস্ট বোলারদের হয়েই কথা বলবে। কিন্তু আমার মনে হয় স্পিনাররাই বড় ভূমিকা রাখবে।’
ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কার্যকারিতা নিয়ে কিছুটা সংশয় আছে এই কিংবদন্তির মনে, ‘আমার জায়গা থেকে বলতে পারি, বিশ্বের একেক জায়গায় আমরা একেক ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি না। কেউ স্নিকোমিটার ব্যবহার করছে, কেউ বা হটস্পট। অন্য কোথাও হয়তো ভিন্ন কিছু। এটার সঠিক মানদণ্ড ঠিক করতে হবে।’
দুদিন আগে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকারে মনের দুয়ার খুলে দিয়েছিলেন, সেই টাইমস অব ইন্ডিয়াকে কাল দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে অজানা আরও কিছু। ক্যারিয়ারজুড়ে কার বোলিংয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগেছেন—এই প্রশ্নের উত্তরে ম্যালকম মার্শাল, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, অ্যালান ডোনাল্ড, গ্লেন ম্যাকগ্রাদের নামই অনেকের ঠোঁটের আগায় চলে আসবে। কিন্তু এঁদের কেউ নন, বিস্ময়জাগানিয়া একটি নাম বলেছেন টেন্ডুলকার, ‘হান্সি ক্রোনিয়ে’!
টেন্ডুলকারের মুখেই শুনুন, ‘আমি ঠিক জানি না। কোনো একটা ব্যাপার তো ছিলই। শুরুর দিকে অ্যালান ডোনাল্ড, ব্রেট শুলজ, ক্রেইগ ম্যাথুস এবং ব্রায়ান ম্যাকমিলানের মতো বোলাররা বল করতে এলে ফোকাস ধরে রাখতে হতো। তারপর মূল বোলারদের বিশ্রাম দিতে যখন ২-৩ ওভার বোলিং করতে কেউ আসত, তাকে অবশ্যই চাপে ফেলতে চাইতাম। আমি ক্রোনিয়েকে ভিন্নভাবে খেলার চেষ্টা করেছি। ব্লক করতে চেয়েছি, বল ছাড়তে চেয়েছি, স্লগ, এমনকি আমার সাধারণ খেলাটাও খেলার চেষ্টা করেছি। কিন্তু কোনো না কোনোভাবে সে আমাকে আউট করেছেই।’
নিজের সময়ে সেরা অধিনায়ক হিসেবে মানছেন নাসের হুসেইনকে। অস্ট্রেলিয়ানদের মধ্যে? ‘মাইকেল ক্লার্ক’! টেন্ডুলকার ব্যাখ্যাও দিয়েছেন, ‘মার্ক টেলর, স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের দল ছিল দুর্দান্ত। কিন্তু ক্লার্ককে সব নতুন করে শুরু করতে হয়েছে।’ এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

.
.

নতুন রেকর্ড!
২২ গজে ব্যাট হাতে রেকর্ড গড়ার সুযোগ আর নেই। কিন্তু কলম হাতে টেন্ডুলকার আবারও রেকর্ডের পাতায়। বৃহস্পতিবার বাজারে এসেছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে। এরই মধ্যে ভারতে অগ্রিম বই বিক্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে বইটি। স্টিভ জবসের আত্মজীবনী শুধু ভারতেই অগ্রিম বিক্রি হয়েছিল এক লাখ ৩০ হাজার। সেটি ছাড়িয়ে টেন্ডুলকারের বইয়ের অগ্রিম বিক্রি এক লাখ ৫০ হাজার! আইএএনএস।