দুই 'প্রথম ১০ ওভার' ঝড়ে ম্যাককালামদের জয়

ব্রেন্ডন ম্যাককালাম বোধ হয় সুন ঝু-র কাছ থেকে অনেক প্রেরণা নেন। বিখ্যাত এই চীনা সৈনিক তাঁর বই ‘আর্ট অব ওয়ারে’ যুদ্ধজয়ের অনেকগুলো কৌশল বলে দিয়েছেন। তার মধ্যে একটি ছিল এমন—‘যুদ্ধে সে-ই জেতে, যে নিজে প্রস্তুত থাকে, আর প্রতিপক্ষকে আঘাত করে অপ্রস্তুত অবস্থায়।’ ম্যাককালামের ‘যুদ্ধ’টা ক্রিকেট মাঠে, আর তাতে নামার আগে নিউজিল্যান্ড অধিনায়ক সম্ভবত এই কৌশলটাই মুখস্থ করে নামেন।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের লড়াইটাই দেখুন। খেলাটার মেয়াদ ছিল মোট ৬৮ ওভার—শ্রীলঙ্কার ইনিংসে ৪৭ ওভার আর নিউজিল্যান্ডের ২১। কিন্তু ম্যাচটা নিউজিল্যান্ড জিতে গেছে তো দুটি ‘প্রথম ১০ ওভারে’র ঝড়ে। বোলিংয়ে একবার, এরপর ব্যাটিংয়েও। ম্যাচে ঠিকমতো ধাতস্থ হওয়ার আগে, লঙ্কানদের অপ্রস্তুত অবস্থায় দুবার আঘাত করে বেশ সহজে সিরিজের প্রথম ওয়ানডেটা ৭ উইকেটে জিতে নিয়েছেন ম্যাককালামরা। প্রথমে ব্যাট করে লঙ্কানরা অনেক কষ্টে ১৮৮ রান করেছিল বটে, তাও কিউইরা তাড়া করে ফেলল ১৭৪ বল হাতে রেখে!
বোলিংয়ে ম্যাট হেনরি, ব্যাটিংয়ে ম্যাককালাম-গাপটিলের উদ্বোধনী জুটি। এই দুই ঝড়েই শেষ শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল লঙ্কানরা। নেমেই পড়ল হেনরির তোপের মুখে। শুরুটা অবশ্য করেছিলেন অ্যাডাম মিলনে। তৃতীয় ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ধানুস্কা গুনাথিলাকাকে। এরপরই শুরু হলো হেনরি-ঝড়। ইনিংসে চার উইকেট নিয়েছেন এই কিউই পেসার, চারটিই প্রথম দশ ওভারের মধ্যে। তাতেই ১০ ওভার শেষে লঙ্কানদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে, রান তখনো মোটে ২৭! গুনাথিলাকা, দিলশান, চান্ডিমাল, থিরিমান্নে, ম্যাথুস—কেউই দুই অঙ্ক ছুঁতে পারলেন না। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তো ফিরেছেন ‘গোল্ডেন ডাকে’ই। শ্রীলঙ্কান অধিনায়ক হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনবার প্রথম বলেই আউট হয়েছেন ম্যাথুস, তিনবারই কিউইদের বিপক্ষে।
এরপরও যে স্কোরটা ১৮৮ পর্যন্ত গেছে, তার জন্য ম্যাথুস ধন্যবাদ দিতে পারেন মিলিন্দা সিরিবর্ধনা ও নুয়ান কুলাসেকারাকে। দুজনই ফিফটি করেছেন—সিরিবর্ধনা ৬৬, আর কুলাসেকারা ৫৮। তার চেয়েও বড় ব্যাপার, দুজন মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেছেন ৯৮ রান! শেষ চার উইকেটে লঙ্কানরা রান তুলেছে ১২৩! ৬৫ রানে প্রথম ৬ উইকেট পড়ে যাওয়ার এই সংগ্রহটা নেহাতই মন্দ নয়। পরের ম্যাচ থেকে অধিনায়ক ম্যাথুস ব্যাটিং অর্ডারটা পুরো উল্টে দিতে চাইলেও দোষের কিছু থাকবে না!
ম্যাথুস-দিলশানরা যেটা পারেননি, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ম্যাককালাম আর গাপটিল। আরেকবার লঙ্কান বোলাররা অপ্রস্তুত থাকতেই আঘাত, শুরু থেকেই ঝড়। দুজন মিলে প্রথম ১০ ওভারেই তুলেছেন ১০৮ রান! গত ১৩ বছরে ওয়ানডেতে প্রথম ১০ ওভারে এর চেয়ে বেশি রান এসেছে কেবল ৩ বার।
খেলা তো ওখানেই শেষ। নিজেদের ইনিংসের শেষ দিকের ব্যাটিং থেকে যদি শ্রীলঙ্কার ফিরে আসার কোনো স্বপ্ন জন্মেও থাকে, সেটারও অপমৃত্যু হয়ে গেছে ততক্ষণে। ২৫ বলে ৫৫ রান করেছেন ম্যাককালাম। ১১ চার, ১ ছক্কা, স্ট্রাইক রেট ২২০! এই ম্যাককালামই নাকি আর কিছু দিন পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন! ম্যাককালামকে যোগ্য সঙ্গ দিয়েছেন মার্টিন গাপটিল। তিনিও ৭৯ রান করেছেন মাত্র ৫৬ বলে। এই দুজনের ঝড়ের পর বাকি রাস্তাটা আরাম-আয়েশে পার করে দিয়েছেন লাথাম-টেলর ও অভিষিক্ত হেনরি নিকোলসরা। তথ্যসূত্র: ক্রিকইনফো।