জোড়া সেঞ্চুরি দিয়েই আবাহন হয়েছে এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। দ্বিতীয় দিনটিও দুই সেঞ্চুরির সাক্ষী। প্রথম দুই দিনের ধারাবাহিকতায় কাল তৃতীয় দিনেও বিসিএল দেখল দুই সেঞ্চুরি। প্রথম দুই দিনে সেঞ্চুরি দেখে রাজশাহী-বগুড়া দুই ভেন্যুই। কাল সেঞ্চুরি হলো শুধু বগুড়াতেই।
সেঞ্চুরি পেয়েছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের লিটন দাস ও অলক কাপালি। চতুর্থ উইকেটে লিটন-কাপালির বিসিএল রেকর্ড জুটির (২১০ রান) পরও অবশ্য প্রথম ইনিংসে লিড নিতে পারেনি পূর্বাঞ্চল। ৫৭ রানে শেষ ৭ উইকেট তুলে নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল এগিয়ে যায় ৪৯ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারালেও মধ্যাঞ্চল এগিয়ে গেছে ১০৩ রানে।
দল লিড পায়নি, তবে নিজের সেঞ্চুরি-খরা কাটিয়েছেন লিটন। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে সর্বশেষ সেঞ্চুরির পর সব ধরনের ক্রিকেটে টানা ৪৭ ইনিংস সেঞ্চুরিহীন লিটন ২৫১ বলে ১৫ চার ও ২ ছয়ে করেছেন ১২৮ রান। ২২৫ বলে ঠিক ১০০ রান অলক কাপালির।
রাজশাহীতে ৬ উইকেট হাতে রেখে ২০৬ রানে এগিয়ে বিসিবি উত্তরাঞ্চল। এর আগে ৩১ রানেই প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শেষ ৫ উইকেট তুলে প্রথম ইনিংসে ৪৮ রানের লিড নেয় উত্তর। এই ৫ উইকেটের ৪টিই গেছে সানজামুলের হিসাবে। ৭৯ রানে ৬ উইকেট—প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার।
দক্ষিণের ইনিংসে সর্বোচ্চ ৮৬ করেছেন ফরহাদ রেজা। ষষ্ঠ উইকেটে তাইবুর রহমানকে নিয়ে ১৪১ রান যোগ করা রেজা কাল পেরিয়েছেন প্রথম শ্রেণিতে ৪ হাজার রানের মাইলফলকও। অনেক দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা তাইবুর করেছেন ৭৬। চোটে পড়ার আগে গত ফেব্রুয়ারিতে সর্বশেষ ইনিংসে অপরাজিত ৫০ রান করেছিলেন এই বাঁহাতি।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, রাজশাহী
উত্তরাঞ্চল: ৩৯২ ও ৫৬ ওভারে ১৫৬/৪ (জুনায়েদ ৫৯, ফরহাদ ৪৮; রাজ্জাক ২/৪৬)। দক্ষিণাঞ্চল: ১০৩.১ ওভারে ৩৪৪ (ফরহাদ রেজা ৮৬, তাইবুর ৭৬, ফজলে রাব্বী ৭০, তুষার ৪৭; সানজামুল ৬/৭৯)।
ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বগুড়া
মধ্যাঞ্চল: ৩৯৪ ও ২২ ওভারে ৬৪/৩ (মার্শাল ২৫, শামসুর ১৫*, রনি ১৫; অপু ২/২)। পূর্বাঞ্চল: ১১৭.৪ ওভারে ৩৫৫ (লিটন ১২৮, অলক ১০০, মুমিনুল ৩৩, হাসান ২৩, কামরুল ২২; সৈকত ৪/৩৯, শহীদুল ৩/৬২, শরীফউল্লাহ ২/৫২)।