দুজনকে সতীর্থদের অর্ঘ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তাঁরা হলেন পাকিস্তান দলের দুই স্তম্ভ’—মূল কথাটা বললেন আহমেদ শেহজাদই। মিসবাহ-উল-হক ও ইউনিস খান নামের সেই দুই স্তম্ভকেই একসঙ্গে হারিয়ে ফেলছে পাকিস্তান। গতকাল শুরু ডমিনিকা টেস্ট দিয়েই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন বছরের পর বছর পাকিস্তানের ব্যাটিং জোয়াল কাঁধে বয়ে বেড়ানো দুই মহিরুহ। পাকিস্তানের ক্রিকেটে তাঁদের অবদান আর তাঁদের বিদায় কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই কথা বলেছেন মিসবাহ-ইউনিসের এ সময়ের সতীর্থরা।

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে টালমাটাল পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন মিসবাহ। কঠিন সেই সময় থেকে মিসবাহ কীভাবে দলকে টেনে তুলেছেন, সেটাই বললেন সতীর্থ আজহার আলী, ‘মিসবাহ যখন দায়িত্ব নিলেন একেবারে তলানিতে পাকিস্তানের ক্রিকেট। ওই সময়ে মিসবাহ আমাদের বোঝাতেন কীভাবে সমর্থকদের আস্থা ফিরিয়ে আনতে পারি। তাঁর নেতৃত্বই কঠিন সময় থেকে আমাদের বের করে এনেছে। তাঁর কাছে সবচেয়ে গুরুত্ব পেত, যা-ই হোক না কেন, আমরা যেন নিজেদের সেরাটা দিই।’

আরেক সতীর্থ আসাদ শফিক বললেন মিসবাহ-ইউনিসরা কীভাবে দলে নতুন-পুরোনোর বিভেদ দূর করেছেন, ‘একটা সময়ে নতুন খেলোয়াড়েরা স্নায়ুচাপে ভুগত। নতুন ও পুরোনোরা দূরত্ব বজায় রেখে চলত। কিন্তু নতুনদের সঙ্গে এই দুজনের আচরণ ছিল পুরোই অন্য রকম। কিছু ব্যাপার আছে, যা বুঝতে মিসবাহ-ইউনিস না থাকলে আমার পাঁচ-ছয় বছর লাগত। তাঁদের জন্য যা দু-তিন বছরেই শিখে গেছি।’

ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদ ভাবছেন মিসবাহ-ইউনিসকে ছাড়া পাকিস্তান কীভাবে মানিয়ে নেবে তা নিয়ে, ‘তাঁরা আমাদের তরুণদের উপদেশ দিতেন। বলতেন ফিটনেস নিয়ে কাজ করতে, নেটে ঠিকঠাক অনুশীলন করতে। তাঁরা আমাদের যা শিখিয়েছেন, চেষ্টা করব তা করার।’

ব্যাটসম্যান শান মাসুদ মনে রেখেছেন ইউনিস কীভাবে উপদেশ দিতেন, ‘যা বলার তা সংক্ষেপে ও সরাসরি বলতেন ইউনিস। মনে হতো একজন ক্রিকেটারের আচরণ কেমন হবে, তা নিয়ে লেখা অভিধান তিনি উপহার দিয়েছেন।’

উপসংহারও টেনেছেন আহমেদ শেহজাদ, ‘আমাদের দুই জাতীয় গর্ব বিদায় নিচ্ছেন। বিদায় নিচ্ছেন পাকিস্তান দলের দুই স্তম্ভ। এই এতগুলো বছর একসঙ্গে যেভাবে কাটিয়েছি, মিস করব তা। তবে ওই স্মৃতিগুলো আমাদের মনে গেঁথে থাকবে চিরকাল।’ ক্রিকইনফো।