দুজনের দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল হঠাৎই, আইসিসির বোলিং নিষেধাজ্ঞা মাথার ওপর। হতাশা আছে। কিন্তু মা সাবিনা ইয়াসমিনের স্নেহস্পর্শ আর প্রেরণা তাসকিন আহমেদকে নিশ্চয়ই প্রত্যয়ী করে তুলবে মাঠে ফিরতে। কাল তাসকিনের মোহাম্মদপুরের বাসায় l শামসুল হক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল হঠাৎই, আইসিসির বোলিং নিষেধাজ্ঞা মাথার ওপর। হতাশা আছে। কিন্তু মা সাবিনা ইয়াসমিনের স্নেহস্পর্শ আর প্রেরণা তাসকিন আহমেদকে নিশ্চয়ই প্রত্যয়ী করে তুলবে মাঠে ফিরতে। কাল তাসকিনের মোহাম্মদপুরের বাসায় l শামসুল হক

‘ভারতে তিনবার গেছে খেলতে, প্রতিবারই কোনো না কোনো দুঃসংবাদ নিয়ে ফিরেছে ছেলেটা’—আবদুর রশিদের কণ্ঠে আক্ষেপ। মাত্রই ঘুম থেকে উঠেছেন। অপেক্ষা করছেন ছেলে তাসকিন আহমেদের জন্য। কলকাতা থেকে সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা তাঁর। মোহাম্মদপুর জাকির হোসেন রোডের বাসায় ছেলের জন্য অপেক্ষায় আবদুর রশিদ।
ছেলে, মানে বাংলাদেশ দলের দ্রুততম বোলারের ভারত সফরের তিক্ত অভিজ্ঞতার কথা বলছিলেন তাসকিনের বাবা। ২০১৪ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে সার্ধশতবার্ষিকী টুর্নামেন্টে খেলতে গিয়ে তাসকিন চোট পেয়েছিলেন ডান পাঁজরে। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরেও একই অভিজ্ঞতা। শরীরের বাঁ দিকের পেশির চোট নিয়ে সফর অসমাপ্ত রেখে ফিরেই আসতে হয়েছিল তাঁকে। আর এবার?
এবার শারীরিক নয়, তাসকিন ফিরেছেন ‘মানসিক চোট’ নিয়ে। এশিয়া কাপে দারুণ করে চোখে আরও ভালো করার স্বপ্ন নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। ধর্মশালায় হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই উঠল সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। প্রথমে নাকি নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি তিনি! ধাক্কা সামলে খেলেছিলেন প্রথম পর্বের সবগুলো ম্যাচই। ১৫ মার্চ চেন্নাইয়ে দিতে যান পরীক্ষা। পরীক্ষার ধকল না কাটতেই পরের দিন ইডেনে খেললেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচও। পরীক্ষা ভালো হয়েছে, ফল তাঁর পক্ষেই আসবে—এই আত্মবিশ্বাস ছিল। কিন্তু সব এলোমেলো হয়ে গেল ১৯ মার্চ। আইসিসি জানাল, তাসকিনের কিছু কিছু ডেলিভারি অবৈধ। বিসিবির পরামর্শে তাসকিন অবশ্য ফল পুনর্বিবেচনার আবেদনও করেন। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি আইসিসি। নিষিদ্ধই থাকলেন তাসকিন, শেষ হয়ে গেল তাঁর টুর্নামেন্ট।
কাল ১১টার দিকে যখন ফিরলেন মোহাম্মদপুরের বাসায়, তাসকিনের মুখে রাজ্যের হতাশা। এভাবে একা ফিরতে হবে, তা কি ভেবেছিলেন! ক্যারিয়ারে খারাপ সময় অনেক গেছে। কিন্তু এমন কঠিন সময় কি এসেছে? উত্তর হাতড়ে তাসকিন বলেন, ‘নাহ্, আসেনি। চোটে পড়েছি, খারাপ সময় গেছে। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে পড়িনি। এমন অভিজ্ঞতা এই প্রথম।’

কথা বলতে গিয়ে বাষ্পরুদ্ধ সানি l প্রথম আলো
কথা বলতে গিয়ে বাষ্পরুদ্ধ সানি l প্রথম আলো

দুই দিন আগে দেশে ফিরেছেন অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত বাংলাদেশ দলের আরেক বোলার আরাফাত সানিও। এসেই যেন স্বেচ্ছানির্বাসনে গেছেন বাঁহাতি স্পিনার। কাল বিকেলে সানিকে পাওয়া গেল তাঁর আমিনবাজারের বাড়িতে। অশ্রুর চিকচিক রেখা স্পষ্ট সানির চোখের কোণে। বেশি কথা বলতে চাইলেন না। দেশে ফিরে বিমানবন্দরে বলা কথাগুলোই বললেন আবার, ‘আসলে এ রকম আরও অনেক বোলারের ক্ষেত্রে হয়েছে। এটা নিয়ে চিন্তিত না। সবাই যেহেতু ফিরে এসেছে, আমিও ফিরব।’
হঠাৎ দলের অন্যতম সেরা দুই বোলারকে হারিয়ে বেঙ্গালুরুতেই ভেঙে পড়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের এমন প্রতিক্রিয়ায় দলীয় ঐক্যেরই ছাপ খুঁজে পান তাসকিন, ‘মাশরাফি ভাইয়ের ভেঙে পড়া খুবই স্বাভাবিক। দল তো একটা পরিবারের মতোই। সেই পরিবারের দুটি ছেলে হঠাৎ এভাবে নিষিদ্ধ হলে আঘাত পেতে হয়।’
বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার পর তাসকিন যতটা সহমর্মিতা পাচ্ছেন, সানি কি ততটা পাচ্ছেন? বাঁহাতি স্পিনার মনে করেন দেশবাসী দুজনের পাশেই আছে, ‘দেশবাসী আমাদের দুজনের পাশেই আছে। আমার বিশ্বাস, দ্রুতই জাতীয় দলে ফিরতে পারব। বিসিবি সর্বোচ্চ চেষ্টাই করছে। বিসিবির নির্দেশনা অনুযায়ী কাজ করলে আশা করি ফিরে আসতে পারব।’
হতাশ হলেও ভেঙে পড়ছেন না তাসকিনও। এটিকে তিনি ইতিবাচকভাবে নিচ্ছেন, ‘জীবনে যা করতে পারতাম, এই বাধাটা এখন আমাকে দুই ধাপ ওপরেও নিয়ে যেতে পারে।’
দুজনের আপাতত পরিকল্পনা, কটা দিন নিজেদের মতো করে থাকা। কদিনের বিশ্রাম নিয়ে দুজনই জেগে উঠতে চান নতুন উদ্যমে, নতুন শক্তিতে।