
ধরুন, বাংলাদেশে এসে অস্ট্রেলিয়াকে দুটি টেস্টই হেরে ফিরতে হলো। কেমন হবে ব্যাপারটা? বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের লক্ষ্য কিন্তু সে রকমই। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০-তে হারানো!
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা আগামী ১৮ আগস্ট। শেষ পর্যন্ত আসবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে হাথুরুসিংহের লক্ষ্য এখনই স্থির। অস্ট্রেলিয়া এলে তাদের ২-০-তে টেস্ট সিরিজ হারাতে হবে। সিরিজের স্কোরলাইন হবে—বাংলাদেশ ২: অস্ট্রেলিয়া ০।
আজ এক দিন বিশ্রাম নিয়ে কাল চট্টগ্রাম পর্বের অনুশীলনে যাবে দল। তার আগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাঁর লক্ষ্যের কথা পরিষ্কার জানিয়ে দিলেন কোচ, ‘টেস্ট ক্রিকেটে আমরা কিছুটা উন্নতি করেছি। এখন অন্তত আমরা উপমহাদেশে ম্যাচ জয়ের পরিকল্পনা করতে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টই আমরা জিততে চাই।’
এটা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের লক্ষ্য। এর বাইরে আসন্ন পুরো মৌসুমেই জয়ের উৎসব চাচ্ছেন কোচ। দেশের বাইরে বড় দলের বিপক্ষে জয়, ‘এখন আমাদের এটাই করতে হবে। সাফল্য ধরে রাখাটাই উন্নতি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে আমরা সেটা করেছি। উপমহাদেশে টেস্ট জয়ের শুরুটাও হয়ে গেছে। এখন শুধু সাফল্যের ধারাবাহিকতা চাই।’
অস্ট্রেলিয়া সিরিজের মাসখানেক পর বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই সেখানে বড় চ্যালেঞ্জ মনে করছেন হাথুরুসিংহে। প্রথম টেস্টের আগে সফরের প্রথম দুটি সপ্তাহকে তিনি বলছেন ‘খুবই গুরুত্বপূর্ণ।’ তবে অস্ট্রেলিয়া সিরিজের মতো দক্ষিণ আফ্রিকায়ও জয়ই প্রথম লক্ষ্য, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের জন্য অপরিচিত জায়গা। সব দলই সেখানে সংগ্রাম করে। সে জন্যই দেখতে চাই, আমরা ওখানে গিয়ে কতটা ভালো করতে পারি। সেখানেও আমাদের দৃষ্টি জয়ের দিকেই থাকবে।’
বর্তমানে যে ২৯ জন ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করছেন, সেটি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই সিরিজ সামনে রেখেই। চট্টগ্রামে ১২ আগস্ট পর্যন্ত অনুশীলন করে ঢাকায় ফিরে শুরু হবে শুধু অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। চট্টগ্রাম পর্বে বিশ্রাম থাকবে এক দিন, নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও হবে একটা।
সামনে যখন যে সিরিজ আসবে, তখন সেটা নিয়েই ভাবাটাই স্বাভাবিক। তবে হাথুরুসিংহের মূল লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ এবং সে জন্য এখন থেকেই খেলোয়াড়দের প্রস্তুত করা। ২০-২৫ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করার উদ্দেশ্যও সেটাই, ‘আমাদের মূল লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ, অন্তত আমার। এই ছেলেদের সবাইকেই কঠিন পরিস্থিতির মধ্যে খেলে ও অনুশীলন করে অভ্যস্ত হতে হবে। ঘরোয়া ক্রিকেটে সেটা হয় না। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করে তারা জানতে পারে তাদের জন্য কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের সারিটাকে প্রয়োজনে আরও লম্বা করবেন কোচ। কেউ যোগ্যতা প্রমাণ করেও চলে আসতে পারে এই দলে। সে রকম সম্ভাবনাময় খেলোয়াড়েরা উৎসাহিত হতে পারেন কোচের কথা শুনে, ‘আমি খুব ভালো। আমরা চাই না, কেউ নিজের জায়গাটাকে নিশ্চিত ধরে নিক।’
খেলোয়াড়ের মতো এখন বাংলাদেশ দলের কোচদের সারিটাও বেশ লম্বা। হাথুরুসিংহের সঙ্গে সহকারী কোচ রিচার্ড হ্যালসল, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন আগে থেকেই ছিলেন। সম্প্রতি এক মাসের জন্য যোগ হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল। তাঁর চুক্তি পরে বাড়তেও পারে। তিন মাসের জন্য স্পিন কোচ হিসেবে যোগ দেওয়ার সম্ভাবনা আছে স্টুয়ার্ট ম্যাকগিলের। আর এইচপির পেসারদের দায়িত্ব নিয়ে আসতে পারেন শ্রীলঙ্কান পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে। প্রয়োজনে জাতীয় দলের বোলারদেরও দেখা যাবে তাঁর নেটে।
হাথুরুসিংহের সহকারীদের তালিকা দেখে অনেকেরই প্রশ্ন—বোলিং কোচ, ফিল্ডিং কোচ, এমনকি আলাদা ব্যাটিং কোচও যদি লাগে, তাহলে হাথুরুসিংহের কী কাজ থাকে? ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে তিনিই তো পারেন ব্যাটসম্যানদের দেখাতে! একটু ঘুরিয়ে কালও প্রশ্নটা উঠল। তাতে হাথুরুসিংহের মন্তব্য, ‘এরা সবাই ভালো কোচ। তারা জানে, তারা কী করছে। তাতে আমার কাজটা আরও সহজ হচ্ছে। আমি তাদের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার স্বাধীনতা, সুযোগ ও পরিবেশ তৈরি করে দিচ্ছি।’