সরাসরি ২০১৯ বিশ্বকাপের টিকিট! ভারতের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের আগে এটাই হয়তো শ্রীলঙ্কার সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাঁচ ওয়ানডের সিরিজে দুটি ম্যাচ জিতলেই ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হবে শ্রীলঙ্কার।
কিন্তু ঘরের মাঠে হলেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জেতা কি সহজ? গত জুলাইয়ে জিম্বাবুয়েই শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে গেছে ৩-২ ব্যবধানে। এরপর ভারতের কাছে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও কি আর অবশিষ্ট আছে শ্রীলঙ্কা দলে! এদিকে অধিনায়ক বিরাট কোহলির কাছে ভারতীয় সমর্থকদের চাওয়া, শ্রীলঙ্কাকে আরেকটি ধবলধোলাইয়ের লজ্জায় ডোবাক ভারত!
ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার অবশ্য মনে করেন, কোহলিরা ওয়ানডে সিরিজটা জিতবে ৪-১-এ। শ্রীলঙ্কার এই ফলে চলবে না! সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে আগামী ৩০ সেপ্টেম্বরে প্রকাশিত হতে যাওয়া র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। সিরিজে দুটি ম্যাচ জিতলেই সেটা সম্ভব।
৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা এখন অষ্টম স্থানে। ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও একই অবস্থানে থাকবে তারা। তবে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৯০। ৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ সেপ্টেম্বরের আগে ছয়টি ম্যাচ খেলবে তারা। সব কটি ম্যাচ জিতলেও ৮৮ পয়েন্ট হবে তাদের। স্বাগতিক ইংল্যান্ডসহ আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের সেরা আটটি দল।
ওয়ানডে সিরিজের চারটি ম্যাচই দিবারাত্রির। সাদা পোশাকে ভারতের সামনে দাঁড়াতে না পারলেও ওয়ানডেতে থারাঙ্গা আশাবাদী, ‘সাদা বলে শ্রীলঙ্কা সব সময়ই শক্তিশালী। আমার বিশ্বাস, আমরা ঘুরে দাঁড়াব আর ভারতকে হারাব।’ জি নিউজ, ক্রিকইনফো।