দুদলের সামনেই একের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে ভারত, অন্যদিকে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ক্রিকেট বলে এমনিতেই দুই পরাশক্তির লড়াইটা যথেষ্ট আকর্ষণীয় হওয়ার কথা। তবে এর বাইরেও রোববার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটির আলাদা আকর্ষণ আছে। এই সিরিজেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানি যে দুই দলের সামনে।

এ বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে সিরিজ হারানোর পর থেকেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। তারপর গা ঘেঁষাঘেঁষি করে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ও ভারত। দুই দলের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান ভগ্নাংশের। সে কারণেই এক নম্বরে উঠতে হলে যেকোনো একটা দলকে ৪-১ বা এর চেয়ে বড় ব্যবধানে জিততে হবে এই সিরিজে। তবে খেলা যেহেতু ভারতের মাটিতে, অস্ট্রেলিয়ার জন্যই কাজটা বেশি কঠিন বলে মনে করেন অলরাউন্ডার জেমস ফকনার, ‘ওরা সীমিত ওভারের অন্যতম সেরা দল। শেষবার আমরা এখানে এসে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম।’

তবে সেই চ্যালেঞ্জ জেতার জন্য ফকনারদের কিছুটা হলেও বাড়তি আত্মবিশ্বাস জাগাবে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটা। পরশু ওই ম্যাচে ভারতের বোর্ড সভাপতি একাদশকে খুব সহজেই ১০৭ রানে হারিয়েছে স্টিভ স্মিথের দল। ক্রিকেট অস্ট্রেলিয়া।