দুদলেরই মাথায় ঘুরছে স্পিন
সিরিজটা পাকিস্তান হেরে গেছে আগেই। অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জয়ের স্বাদটা কেমন, তা যেন ভুলে যেতে বসেছে পাকিস্তান। তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতেই পারে মিসবাহ-উল-হকের দল। এ সিডনিতেই তো অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল পাকিস্তান।
১৯৯৫ সালের ওই ম্যাচটির কথা ভুলেই যেতে বসেছে সবাই। মুশতাক আহমেদের লেগ স্পিনে পাওয়া সে জয়ের পর অস্ট্রেলিয়ায় টানা ১১টি ম্যাচ হেরেছে পাকিস্তান। কিন্তু সিডনি টেস্ট এলেই পাকিস্তানের জয়ের প্রসঙ্গটা আসে ঘুরেফিরে। কারণ সিডনির স্পিনবান্ধব উইকেট। অস্ট্রেলিয়ার সবচেয়ে স্পিনবান্ধব এ মাঠে সফলতম বোলার শেন ওয়ার্ন। তাঁর ৬৪ উইকেটের পর দুইয়ে আছেন ৮ ম্যাচে ৫৩ উইকেট পাওয়া আরেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল।
পাকিস্তানও ইয়াসির আলীর লেগ স্পিন দিয়ে সান্ত্বনার জয়ের আশা দেখছে। সিডনির উইকেটের সুবিধা নিতে অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি স্পিনার মোহাম্মদ আসগরেরও। আসগরের বিষয়টি নিশ্চিত না হলেও অস্ট্রেলিয়া ফেরাচ্ছে বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফকে। গত জুলাইয়ে পাল্লেকেলে টেস্টে চোট পাওয়ার পর এই প্রথম টেস্ট খেলছেন ও’কিফ। স্পিনবান্ধব উইকেটে নাথান লায়নের সঙ্গী হিসেবে ও’কিফকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। জায়গা হারিয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অধিনায়ক স্টিভেন স্মিথ বুঝছেন বার্ডের দুঃখ, ‘মেলবোর্নে ও খুব ভালো করেছে কিন্তু কন্ডিশনের কারণে দল বদলাতে হচ্ছে। জ্যাকসনের দুর্ভাগ্য যে এবার আমরা দুই স্পিনার নিয়ে খেলছি।’ তবে কন্ডিশন নয়, দলের প্রয়োজনেই ব্যর্থ নিক ম্যাডিনসনের জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে অলরাউন্ডার হিলটন কার্টরাইটের।
নিয়মরক্ষার টেস্ট বলেই এ ম্যাচে অস্ট্রেলিয়াকে কিছুটা নির্ভার দেখাচ্ছিল। ফেব্রুয়ারি-মার্চের ভারতের মাটিতে চার টেস্টের সিরিজ নিয়েই বেশি ব্যস্ত মনে হচ্ছিল তাদের। সে সিরিজের প্রস্তুতিতেই অনুশীলনে ডেকে এনেছে আরেক স্পিনার অ্যাশটন অ্যাগারকে। ভারত সফরে অ্যাগারকে নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্মিথ অবশ্য অত দূরে দৃষ্টি রাখছেন না, ‘আমরা এ ম্যাচ নিয়েই ভাবছি। আশা করি, ৩-০-তে জিতব।’ রয়টার্স, এএফপি।