দুদলেরই শেষ আটের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে স্টিভেন স্মিথ-জশ হ্যাজলউড, অন্যদিকে কুমার সাঙ্গাকারা-লাসিথ মালিঙ্গা। সিডনিতে আজ ‘মহারণের’ আগে গতকাল দুই পক্ষের প্রস্তুতির শেষলগ্ন l এএফপি
একদিকে স্টিভেন স্মিথ-জশ হ্যাজলউড, অন্যদিকে কুমার সাঙ্গাকারা-লাসিথ মালিঙ্গা। সিডনিতে আজ ‘মহারণের’ আগে গতকাল দুই পক্ষের প্রস্তুতির শেষলগ্ন l এএফপি

দুটো ব্যাপার প্রায় নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এক. অস্ট্রেলিয়া কিংবা শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারছে না। দুই. কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে খুব একটা সংশয় নেই দুই দলেরই। তার পরও সিডনিতে আজ এই দুই দলের ম্যাচটি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে, এ ম্যাচই আসলে নির্ধারণ করে দেবে গ্রুপে দ্বিতীয় কিংবা তৃতীয় হচ্ছে কোন দল। আপাতত যা হিসাব-নিকাশ তাতে দ্বিতীয় আর তৃতীয় হওয়ার মধ্যে অনেক ফারাক। তৃতীয় হলে শেষ আটে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা। সেটি মাইকেল ক্লার্কের দল যেমন চাইবে না, তেমনি চাইবে না অ্যাঞ্জেলো ম্যাথুসের দলও। এই হিসাব-নিকাশ মাথায় আছে বলেই কাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সরাসরি বলে দিলেন, ‘আমার মনে হয় দুটি দলই কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছে। আর এই ম্যাচটা তাতে বড় ভূমিকা রাখবে। এটা তাই আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটাই অস্ট্রেলিয়ার জন্যও।’
দুই দলের সাম্প্রতিক ফর্ম বলছে, লড়াইটা হতে পারে শ্রীলঙ্কান টপ অর্ডার বনাম অস্ট্রেলিয়ান পেসারদের মধ্যে। নিজেদের সর্বশেষ দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২ উইকেটে ৬৪৪ রান তুলেছে শ্রীলঙ্কা। বোঝাই যাচ্ছে কী দুর্দান্ত ফর্মে আছেন কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে ও তিলকরত্নে দিলশানরা। এরই মধ্যে দুটি সেঞ্চুরি হয়ে গেছে সাঙ্গাকারার। থিরিমান্নে, দিলশান ও জয়াবর্ধনে একটি করে। অন্যদিকে দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক ও মিচেল জনসনরা। তবে ব্যাটসম্যানরা দারুণ ফর্মে আছেন বলেই অস্ট্রেলিয়ান পেসারদের নিয়ে খুব একটা চিন্তিত নন জয়াবর্ধনে, ‘মিচেল স্টার্ক ভালো বল করছে। জনসন তো দুর্দান্ত। কিন্তু গত এক-দেড় বছরে আমাদের টপ অর্ডার ও মিডল অর্ডার অনেক রান করেছে। আমরাও তাই যথেষ্ট আত্মবিশ্বাসী।’ জয়াবর্ধনে অস্ট্রেলিয়ান পেসারদের নিয়ে বলেছেন। তবে বলতে পারতেন স্পিনারদের নিয়েও। গ্রীষ্মের এই সময়টায় এসসিজির শুষ্ক উইকেটে স্পিনও রাখে বড় ভূমিকা। দুই দলের মাথায় তাই বিষয়টা না থেকেই পারে না।
পরিসংখ্যান অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে, বিশ্বকাপে এ পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। ছয়বারই জিতেছে অস্ট্রেলিয়া, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে গত বিশ্বকাপে কলম্বোর ম্যাচটা। শ্রীলঙ্কার একমাত্র জয়টা ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে। সেবার অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে দিয়েছিল ওয়াকওভার। এই শ্রীলঙ্কা দলের কোনো খেলোয়াড়েরই তাই অভিজ্ঞতা নেই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর। তবে সেটাকে খুব বড় করে দেখতে রাজি নন জয়াবর্ধনে, ‘শুধু শ্রীলঙ্কা কেন, যেকোনো প্রতিপক্ষের সঙ্গেই তো অস্ট্রেলিয়ার রেকর্ড দারুণ। তবে আমরা তো দুটি বিশ্বকাপের ফাইনাল আর একটা সেমিফাইনালে খেলেছি।’
বিশ্বকাপ পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সিডনির এই মাঠে শ্রীলঙ্কার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত। এ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচের চারটিতে জিতেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার জয় দুটি, পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। এসব কারণেই প্রতিপক্ষকে বিন্দুমাত্র হালকা করে দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কও, ‘বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টগুলোয় শ্রীলঙ্কার সাফল্য অনেক। ওদের দলটা অভিজ্ঞ, বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে তাদের দলে। যদি তারা নিজেদের সেরাটা দিতে পারে, হারানো খুব কঠিন হবে।’
গুরুত্বপূর্ণ এ ম্যাচে শ্রীলঙ্কা পাচ্ছে না তাদের অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথকে। অনুশীলনে বল লেগে হাত কেটে গেছে এ স্পিনারের। বিশ্রামে থাকতে হবে আগামী কয়েক দিন। এর আগে অনুশীলনে আঙুল ভেঙে যায় ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের। তার বদলে দেশ থেকে উড়িয়ে আনা হয় অলরাউন্ডার সিকুগে প্রসন্নকে।
চোট সমস্যা আছে অস্ট্রেলিয়ারও। পেটের পেশির চোট থেকে সেরা না ওঠায় এ ম্যাচে অনিশ্চিত পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া তাঁর বদলি নেবে আজ সকালে সিডনির উইকেট দেখে। এএফপি, রয়টার্স।
মুখোমুখি
ম্যাচ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা টাই/পরি.
মোট ৯০ ৫৫ ৩১ ০/৪
বিশ্বকাপে ৮ ৬ ১ ০/১
অস্ট্রেলিয়ায় ৫৫ ৩৮ ১৬ ০/১
সিডনিতে ১৩ ৮ ৪ ০/১
১৬৪৯
সবচেয়ে বেশি রান রিকি পন্টিংয়ের
১৬৩
সর্বোচ্চ ইনিংস ডেভিড ওয়ার্নারের
৪৮
সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের
৬/৩১
সেরা বোলিং মিচেল জনসনের
১৯৯৬-এর ফাইনালের পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ বার ৩০০ রান করেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা করেছে তিনবার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৩৪৩ রান ২০০৩ সালে সিডনিতেই করেছে লঙ্কানরা।
মুখোমুখি লড়াইয়ে দুদলেরই সর্বোচ্চ জুটি ২৩৭ রানের। শ্রীলঙ্কার আতাপাত্তু-জয়াসুরিয়া ২০০৩ সালে প্রথম উইকেটে ও অস্ট্রেলিয়ার পন্টিং-সাইমন্ডস ২০০৬ সালে চতুর্থ উইকেটে।
অভিষেকের পর অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ৫৫টি ওয়ানডেই খেলেছেন মাহেলা জয়াবর্ধনে।