দুবাই থেকে ফিরেই আরিফুলের 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকের সেঞ্চুরিটা আরিফুল আজ নিয়ে গেছেন ‘ডাবলে’। সৌজন্য ছবি
কালকের সেঞ্চুরিটা আরিফুল আজ নিয়ে গেছেন ‘ডাবলে’। সৌজন্য ছবি
>এশিয়া কাপে বাংলাদেশ দলে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। তবে দুবাইয়ের অতিরিক্ত গরম আর ভ্রমণ–ঝক্কি থেকে নিশ্চয়ই রেহাই পাননি। ক্লান্তি অবশ্য স্পর্শ করেনি আরিফুল হককে। দেশে ফিরে কোনো বিশ্রাম না নিয়েই জাতীয় লিগের ম্যাচে মাঠে নেমে পেয়ে গেছেন ডাবল সেঞ্চুরি।

শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছেই চলে গেছেন বগুড়ায়। এক দিনের বিরতিও পাননি, নেমে পড়েছেন জাতীয় লিগ খেলতে। খেলতে নেমেই করেছেন সেঞ্চুরি। কিন্তু তিনি সেঞ্চুরিতে সন্তুষ্ট থাকেননি। আজ সেটিকে রূপ দিয়েছেন ‘ডাবল’ সেঞ্চুরিতে। কাল ১১৭ রানে অপরাজিত থাকা আরিফুল নিজের ইনিংসটাকে নিয়ে গেছেন অপরাজিত ২৩১-এ। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এশিয়া কাপে বাংলাদেশ দলে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। তবে দুবাইয়ের অতিরিক্ত গরম আর ভ্রমণ–ঝক্কি থেকে রেহাই মেলেনি তাঁর। তবে ক্লান্তি যে তাঁকে স্পর্শ করেনি, সেটি বুঝিয়ে দিলেন ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেই।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তো অবশ্যই, যেকোনো ধরনের ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ রান। দ্যুতিময় ইনিংসটা সাজিয়েছেন ২১ চার ও ৪ ছক্কায়। অর্থাৎ, ১০৮ রানই করেছেন দাঁড়িয়ে। স্ট্রাইকরেট ৭১.৩০ বলছে, প্রথম শ্রেণির ম্যাচটা তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে! আরিফুলের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে রানের পাহাড় করেছে রংপুর। প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের স্কোর ৮ উইকেটে ৫০০।

দুবাই থেকে ফিরে কোনো বিশ্রাম না নিয়েই দুর্দান্ত খেলার রহস্য কী, কাল রাতে জানতে চাইলে হাসছিলেন আরিফুল, ‘দুবাইয়ে যে গরমের মধ্যে ছিলাম, এই গরম সেই তুলনায় কিছুই না! আর এই কন্ডিশন তো আমাদের চেনাজানা। ভ্রমণক্লান্তি থাকার পরও তাই সমস্যা হচ্ছে না খেলতে।’