দুবাই যাচ্ছে না বাংলাদেশ দল
জিম্বাবুয়ে থেকে প্রস্তাব ছিল বিশ্বকাপের আগে সেখানে গিয়ে সিরিজ খেলার। বিসিবি ‘না’ করে দিয়েছে সেই প্রস্তাবে। এরপর আইসিসি থেকে প্রস্তাব আসে, দুবাইয়ে বিশ্বকাপের টিকিট পাওয়া সহযোগী তিনটি দেশের সঙ্গে একটা টুর্নামেন্ট খেলার। বিসিবি প্রত্যাখ্যান করেছে সেই প্রস্তাবও।
এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল দুবাইয়ের টুর্নামেন্টে দল পাঠানোর। কিন্তু সব দিক ভেবেচিন্তে আইসিসির প্রস্তাবটি নাকচই করে দিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান কাল বলেছেন, ‘আইসিসির প্রস্তাবটি নিয়ে আমরা চিন্তা করছিলাম। কিন্তু এ নিয়ে আলোচনা করে ওই সময়ে দুবাই সফর কঠিন মনে হয়েছে। খেলোয়াড়দের বিশ্রাম দরকার।’
জিম্বাবুয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি, ‘জিম্বাবুয়েকেও আমরা না করে দিয়েছি। পাকিস্তান এবং অন্য একটি দেশের সেখানে আসার কথা ছিল। কিন্তু কেউই তা নিশ্চিত করেনি। তা ছাড়া হিথ স্ট্রিক জানিয়েছেন, ওখানে এখন খুব বৃষ্টি হচ্ছে।’
তার মানে জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলা বলতে চারটি প্রস্তুতি ম্যাচই।