দুবাইয়ে ক্রিকেটের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজহার আলী, ইয়াসির শাহ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো—এই চতুষ্টয়ের ব্যক্তিগত অর্জনই যথেষ্ট ছিল দুবাই টেস্ট মনে রাখতে। কিন্তু এই টেস্ট মনে থাকবে রুদ্ধশ্বাস ও জমজমাট লড়াই উপহার দেওয়ার জন্যও। প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা টেস্ট ক্রিকেটের অনন্য এক বিজ্ঞাপনই বানিয়েছে ইতিহাসের দ্বিতীয় দিবারাত্রির টেস্টকে। দুই অধিনায়ক মিসবাহ-উল-হক ও জেসন হোল্ডার দুজনই মনে করেন, এ রকম প্রতিদ্বন্দ্বিতা টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।
৩৪৬ রানের কঠিন লক্ষ্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দমে যায়নি। ড্যারেন ব্রাভোর নেতৃত্বে দারুণ লড়াই করে তবেই হার মেনেছে। ৪১০ মিনিট উইকেটে থেকে ১১৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন ব্রাভো। কিন্তু হলো না। পরশু ওয়েস্ট ইন্ডিজকে ২৮৯ রানে অলআউট করে পাকিস্তান জিতে গেল ১২ ওভার বাকি থাকতেই।
ম্যাচ শেষে হাঁফ ছেড়ে বাঁচা পাকিস্তান অধিনায়ক মিসবাহর কণ্ঠে ক্রিকেটের জয়গান, ‘খুব ভালো একটা টেস্ট ছিল এটি। কী ছিল না এতে। এ ধরনের টেস্ট ম্যাচই দরকার। কৃতিত্বটা ওয়েস্ট ইন্ডিজের, ওরা দারুণ লড়েছে।’
আজহার আলীর ট্রিপল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৭৯ রান তোলে পাকিস্তান। প্রথম ইনিংসে ২২২ রানে পিছিয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১২৩ রানে গুটিয়ে দিয়ে। এরপর তো পাকিস্তানিদের প্রায় কাঁদিয়েই ছাড়লেন ব্রাভো।
মিসবাহ বিচলিতই হয়ে পড়েন। ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যের ১০০ রানের দূরত্বে চলে এসেছিল আর ব্রাভো যেভাবে ব্যাট করছিলেন, তাতে তাঁর বিচলিত হওয়ারই কথা, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যে দৃঢ়তা দেখিয়েছে, ওদের কৃতিত্ব দিতে হবে। শুধু আমিই জানি, চতুর্থ দিনে ও শেষ দিনের শেষ সেশনটা আমি কীভাবে কাটিয়েছি। পরিস্থিতিটা দল ও অধিনায়কের জন্য খুব কঠিন ছিল। আপনি তিন দিন এগিয়ে রইলেন, কিন্তু এক সেশনেই সে (ব্রাভো) ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে গেল।’
শেষ পর্যন্ত এই হার থেকেও ইতিবাচক কিছু খুঁজে নিলেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার, ‘হারটা হতাশার, তবে ইতিবাচক কোনো কিছুর অভাব নেই। একটা হলো, আমরা শেষ পর্যন্ত লড়েছি। চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে সমাপ্তিরেখা পেরোতে পারলাম না।’
ব্রাভোর প্রশংসা করতেও ভোলেননি হোল্ডার, ‘গুণমানে দুর্দান্ত এক ইনিংস। ওঁর চোখ-মুখেই প্রতিজ্ঞা ফুটে বেরোচ্ছিল। আশা করি, সে এ রকমই খেলে যাবে।’
আগামী পরশু আবুধাবিতে দ্বিতীয় টেস্ট। এএফপি।