দুবাইয়ে হার দিয়ে শুরু আলমদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর একই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এই ইংল্যান্ডকেই হারিয়েছিল বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। তবে সেটা ছিল নিজের মাঠে। দুবাইতে অচেনা কন্ডিশনে এবার আর পারলেন না আলম-জাভেদরা। আইসিসি আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাই শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচটা ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। দিনের অন্য ​ম্যাচেও ইংল্যান্ড ২১ রানে হারিয়েছে পাকিস্তানকে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

প্রথম বলেই ওপেনার মনিরুজ্জামানের উইকেট হারানো বাংলাদেশকে লড়ার মতো স্কোর এনে দিয়েছেন আরেক ওপেনার জাভেদ ভূঁইয়া ও মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়াদুল ইসলাম। ২২ বলে ২৯ রান করেছেন জাভেদ, রিয়াদ অপরাজিত ছিলেন ৩২ বলে ৩২ রান করে।

তাড়া করতে নামা ইংল্যান্ডও প্রথম উইকেট হারায় মাত্র ৮ রানে। তবে লিয়াম টমাস ও গুডউইনের ৮৮ রানের দ্বিতীয় উইকেট জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ৪৯ বলে ৬৩ রান করে মনিরুজ্জামানের বলে মনির হোসেনকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন টমাস। ২ ছক্কা আর ৭ চারে সাজানো ইনিংসটা তাঁকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কারও।