দুবারের চ্যাম্পিয়নরা বিশ্বকাপে নেই ভাবতেই পারবেন না লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লারা মনে করেন, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে জায়গা করে নিতেই হবে। এ ছাড়া কোনো পথ নেই! ফাইল ছবি
লারা মনে করেন, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে জায়গা করে নিতেই হবে। এ ছাড়া কোনো পথ নেই! ফাইল ছবি

• প্রথম দুই বিশ্বকাপ ১৯৭৫ ও ১৯৭৯-এর ট্রফি উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে।
• সেই ওয়েস্ট ইন্ডিজ এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। খেলতে হবে বাছাইপর্ব।
• শেষ দুটি জায়গা নিয়ে বাছাইপর্ব শুরু ৪ মার্চ থেকে, জিম্বাবুয়েতে। ওয়েস্ট ইন্ডিজের মূল প্রতিপক্ষ জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।


একসময় কী প্রতাপই না ছিল দলটির! ব্যাটে-বলে প্রতিপক্ষকে স্রেফ পিষে ফেলত তারা। সাফল্যের মানদণ্ডটা যদি হয় বিশ্বকাপ, সেখানেও উজ্জ্বল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই বিশ্বকাপ ১৯৭৫ ও ১৯৭৯-এর ট্রফি উঠেছিল ওই চশমা পরা ‘ভদ্রলোক’ ক্লাইভ লয়েডের হাতে।’ ৮৩-তে হতে হতে হয়নি। ফাইনালে অপ্রত্যাশিত হার কপিল দেবের ভারতের কাছে। সেই ওয়েস্ট ইন্ডিজেরই কিনা এখনো নিশ্চিত হয়নি ২০১৯ বিশ্বকাপের মূলপর্ব! বিশ্বকাপের বাছাইপর্বে তাদের পরীক্ষা দিতে হবে পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাতের মতো দলের সঙ্গে!

বিশ্বকাপ বাছাই কথাটা ফুটবল বিশ্বকাপের সঙ্গেই বেশি মানানসই। কিন্তু আইসিসির সৌজন্যে বিশ্বকাপ বাছাই ঢুকে পড়েছে ক্রিকেটেও। জানা গিয়েছিল ২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলের। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাত দল খেলবে সরাসরি। শেষ দুটি জায়গা নিয়ে যুদ্ধটা শুরু হচ্ছে ৪ মার্চ থেকে, জিম্বাবুয়েতে।

বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হবে ১০ দল। গ্রুপ পর্ব শেষে সুপার সিক্সের শীর্ষ দুই দল পাবে স্বপ্নের বিশ্বকাপ টিকিট। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে আয়ারল্যান্ড, হল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গী আফগানিস্তান, হংকং, নেপাল ও স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাই খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে-খবরটা নিশ্চিত হওয়ার পর ঢি ঢি পড়ে গিয়েছিল ক্যারিবীয় ক্রিকেটে। সাবেক খেলোয়াড়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রামনরেশ সারওয়ান তো ক্রিকেট কর্মকর্তাদেরই মাঠে নেমে পড়ার পরামর্শ দেন!’ ৯০-এর দশকের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভয়াবহ দুর্নীতির দিকেই ইঙ্গিতটা ছিল সারওয়ানের।

তবে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা কিন্তু আস্থা রাখছেন বর্তমান দলটির ওপরেই, ‘ক্রিকেট বিশ্বকাপে আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ। বিশেষত প্রথম তিন টুর্নামেন্টে। তাই এ অবস্থায় আমার মনে হয় তাদের (খেলোয়াড়দের) হাতে ভিন্ন কোনো উপায় নেই। বাছাইপর্বটা তাদের পার হতেই হবে। এটা এমনভাবে সাজানো হয়েছে (আইসিসির র‍্যাঙ্কিংয়ের নিয়ম) যে আমরা সুযোগটা (সরাসরি বিশ্বকাপে খেলার) হারিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা পারব না, আমাদের পারতেই হবে।’

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে না খেলতে পারলে আশাহতই হবেন বিশ্বের অনেক ক্রিকেটপ্রেমী। ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের মধ্যে লারার হতাশা নিশ্চয়ই বেশি হবে, ‘বিশ্বকাপে না খেলতে পারাটা খুবই লজ্জার হবে...আমি তেমনটা ভাবতেই পারছি না।’

খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব, সঙ্গে দলের বাজে পারফরম্যান্স। সব মিলিয়ে অনেক দিন ধরেই হতশ্রী অবস্থা ক্যারিবীয় ক্রিকেটের। দুঃসময়ের অন্ধকারটা আরও গাঢ় হবে যদি ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারে। জেসন হোল্ডাররা নিশ্চয়ই তেমনটা হতে দিতে চাইবেন না।