দুরূহ উইকেটে আদি যুগের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৩ সালে শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরে জন্টিরোডস বলেছিলেন, ‘এক মাস হাঁটুর নিচের বল খেলে কোমরের ওপরের বল খেলা মনে হয় ভুলে গেছি।’ কক্সবাজারের এই উইকেটে খেললে রোডস কী বলতেন কে জানে! মাস খানেক এখানে খেললে কুঁজো হয়ে যেতেন নিশ্চিত!

প্রথম দিন বিস্ময়করভাবে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে বাউন্স ছিল স্বাভাবিক। দুর্বল ভিত্তির উইকেট কাল ঠিকই ফিরল অনুমিত চেহারায়। এমনিতেই মন্থর উইকেট, বল ব্যাটে আসে ধীরে। হাতের কর গুনে হয়তো বলে দেওয়া যেত, সারা দিনে কয়টি বল উঠেছে হাঁটুর ওপরে! সারা দিনে তাই মাথা নিচুই ছিল বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের। রান করার চেয়ে মনোযোগ বেশি ছিল উইকেট ধরে রাখার দিকেই। টাইমিং যাও কিছু হয়েছে, সেসবের অনেকগুলোকে আটকে দিয়েছে আউটফিল্ড। মন্থর আউটফিল্ড আরও মন্থর হয়ে গিয়েছিল একপশলা বৃষ্টিতে। সব মিলিয়ে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনে হলো প্রস্তর যুগের ক্রিকেট। বৃষ্টির কারণে খেলা হয়েছে ৭৯ ওভার, উইকেট পড়েছে মাত্র তিনটি, রান হয়েছে ১৩২। ওভারপ্রতি রান এসেছে ১.৬৭!

আগের দিন ১৩ ওভারে ৩০ রান তুলে অবিচ্ছিন্ন থাকা দুই তরুণ সাদমান ও লিটন উদ্বোধনী জুটিতে কাল টিকেছিলেন আরও ২০ ওভার। ৩৩.৫ ওভারে ৭৬ রানের জুটিতে লিটনেরই ছিল ৫৪। এই উইকেটেও নিজের মতো ব্যাটিং করা লিটন ৫৪ করেছেন ১০৬ বলে। লিটনকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম ব্রেক থ্রু দেন হ্যামিল্টন ও শিঙ্গিরাই মাসাকাদজার ছোট ভাই, বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। দ্বিতীয় উইকেটে আরও থমকে যায় রানের গতি। সাদমান ও মার্শাল ৪৪ রানের জুটি গড়েন ২৩ ওভারে! ২২৫ মিনিট উইকেটে থেকে ১৭৯ বলে ৪০ করেছেন বাঁহাতি সাদমান ইসলাম। টেস্ট দল থেকে ছিটকে পড়া মার্শাল আইয়ুব ৮৩ বলে ২০। দুজনকেই ফিরিয়েছেন লেগ স্পিনার মুতম্বোদজি।

শেষ সেশনে আর উইকেট পড়েনি একটিও, রানের চাকাও ঘুরেছে না ঘোরার মতো। দুই সিনিয়র ক্রিকেটার রকিবুল ও নাঈম চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৭ তুলেছেন ২৯.১ ওভারে। ১০৭ বলে ১৬ করে অপরাজিত রকিবুল হাসান। তুলনায় স্ট্রাইক রেট অনেক ‘ভালো’ অধিনায়ক নাঈম ইসলামের, ৮৬ বলে ১৭! উইকেটের যে অবস্থা, তাতে আজ ও কাল ব্যাটিং হবে আরও দুরূহ। প্রথম ইনিংসে বড় লিড তাই হবে ভীষণ গুরুত্বপূর্ণ। আজ সেটিই লক্ষ্য নাঈমদের।

জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংস: ২০৬ । বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৯২ ওভারে ১৬২/৩ (লিটন ৫৪, সাদমান ৪০, মার্শাল ২০, রকিবুল ১৬*, নাঈম ১৭*; মুপারিওয়া ০/১৮, চিনুয়া ০/২০, ওয়েলিংটন মাসাকাদজা ১/৫৭, মুনিয়েদে ০/১১, মুতম্বোদজি ২/২৭, জঙ্গুয়ে ০/২৩)।