দুর্দান্ত চট্টগ্রামে চাপা পড়ল খুলনাও
বিপিএলে প্রথম ম্যাচটা ছিল দিনে, আগে ব্যাট করে চট্টগ্রাম গুটিয়ে গিয়েছিল ১২৫ রানে। তবে পরে দুটি রাতের ম্যাচে কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগাল চট্টগ্রাম। সর্বশেষ দুই ম্যাচেই প্রতিপক্ষ আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রামকে, আর চট্টগ্রামও গড়ে বড় স্কোর।
ঝোড়ো শুরুর পর মাঝে কার্যকর ইনিংস আর শেষে বেনি হাওয়েলের ঝড়—মোটামুটি একই ছকে মিনিস্টার ঢাকার বিপক্ষে ১৬১ রান তোলার পর আজ খুলনা টাইগার্সের বিপক্ষেও চট্টগ্রাম তুলেছে এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯০ রান।
পরে শিশিরের চ্যালেঞ্জ উতরে খুলনাকে ১৬৫ রানে আটকে চট্টগ্রামকে টানা দ্বিতীয় জয় (২৫ রানের) এনে দিয়েছেন বোলাররা। ব্যাটিংয়ে অবদান রাখা হাওয়েল বোলিংয়ে নেন ১ উইকেট।
চট্টগ্রাম ঝড় তোলে শুরু থেকেই। সোহরাওয়ার্দি শুভর করা প্রথম ওভারেই কেনার লুইস ও উইল জ্যাকস মিলে তোলেন ২৩ রান। বিপিএলে ইনিংসের প্রথম ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি, এর আগে ২০১৯ সালে সোহরাওয়ার্দিরই খুলনা–সতীর্থ কামরুল ইসলাম রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দিয়েছিলেন ২২ রান।
দ্বিতীয় ওভারে খুলনাকে প্রথম ব্রেকথ্রু দেন কামরুলই—কাট করতে গিয়ে ক্যাচ দেন ৭ বলে ১৭ রান করা উইল জ্যাকস। নিজের পরের ওভারে ১৪ বলে ২৫ রান করা লুইসকেও ফেরান কামরুল। অবশ্য এর আগেই নাভীন-উল-হকের ওভারে ওঠে ১৬ রান। লুইস ফেরার পর কমে আসে রানে গতি, পাওয়ারপ্লের প্রথম ৩ ওভারে ৪৮ রান উঠলেও শেষ ৩ ওভারে ওঠে ১৬ রান।
সাব্বির রহমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন আফিফ হোসেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাব্বিরের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৩৮ বলে ৪৮ রান, বড় স্কোরের ভিতটা আরেকটু দৃঢ় হয় চট্টগ্রামের।
২৩ বলে ৩০ রান করা মিরাজকে ফিরিয়ে সে জুটি ভাঙেন নাভীন। সাব্বিরও বেশিক্ষণ টেকেননি এরপর, ৩৩ বলে ৩২ রান করে ফরহাদের বলে ক্যাচ দেন তিনি। সাব্বির ও মিরাজ—দুজনই জীবন পেয়েছিলেন ফরহাদের বলে। ১৩ রান করা মিরাজের সহজতম ক্যাচ ছাড়েন কামরুল, থার্ডম্যানে সাব্বিরের তোলা ক্যাচটা অবশ্য কঠিনই ছিল।
আগের দুই ম্যাচের মতো আজও শেষে ঝড় তোলেন বেনি হাওয়েল, সঙ্গে পান নাঈম ইসলামকে। প্রথমে শামীম হোসেনকে নিয়ে ১৭ বলে ৩২ রানের জুটি গড়েন হাওয়েল, এরপর নাঈমের সঙ্গে তোলেন ৯ বলে ২৬ রান। এ মৌসুমের সর্বোচ্চ স্কোরটাও পেয়ে যায় চট্টগ্রাম।
রান তাড়ায় তৃতীয় ওভারে তানজিদ হাসানকে হারায় খুলনা,আগের দিনের চট্টগ্রামের নায়ক নাসুম আহমেদের বলে এলবিডব্লু হন। সে ওভারে নাসুমকে একটা চার মারা রনি তালুকদার ফেরেন পরের ওভারে, মিরাজের ঝুলিয়ে দেওয়া বল মিস করে বোল্ড হয়ে।
পাওয়ারপ্লের শেষ ওভারে মিরাজকে তিনটি চার মেরে খুলনার রানের গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন ফ্লেচার। যদিও তাঁকে থামতে হয় দুর্ভাগ্যজনকভাবে। রেজাউর রহমানের খাটো লেংথ বল পুল করতে গিয়ে ডানদিকের কাঁধে আঘাত পান ফ্লেচার। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন, পরে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে।
ফ্লেচার উঠে যাওয়ার পর মেহেদী হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম স্ট্রাইক বদল করে ক্রিজে থাকার চেষ্টা করেছিলেন, তবে দ্রুত রান তোলার চেষ্টা শুরুর আগেই পরপর দুই ওভারে ফিরতে হয় তাঁদের। শরীফুলের খাটো লেংথের বলে উইকেটের পেছনে লুইসের দারুণ ক্যাচে পরিণত হন মেহেদী, পরের ওভারে হাওয়েলের বলে শর্ট থার্ডম্যানে ধরা পড়েন মুশফিক।
মুশফিকের উইকেটের পর ফ্লেচারের কনকাশন-বদলি হিসেবে নামেন সিকান্দার রাজা, আরেক নতুন ব্যাটসম্যান ইয়াসির আলীকে নিয়ে শেষ চেষ্টাটাও করেন। তবে শেষ ৮ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৪-এর ওপর রান। রাজার ১২ বলে ২২, ইয়াসিরের ২২ বলে ৪০ রানের ইনিংসের পর শেষে কামরুলের ৭ বলে ১৪ রানের ক্যামিও শেষ পর্যন্ত ব্যবধানটাই কমাতে পেরেছে শুধু।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৯০/৭ (লুইস ২৫, জ্যাকস ১৭, আফিফ ১৫, সাব্বির ৩২, মিরাজ ৩০, হাওয়েল ৩৪*, শামীম ৯, নাঈম ১৫; সোহরাওয়ার্দি ১/২৩, কামরুল ২/৩৫, নাভীন ১/৪৮, মেহেদী ০/২৩, পেরেরা ০/২৫, ফরহাদ ১/৩৫)
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৬৫/৯ (তানজিদ ৯, ফ্লেচার (আহত অবসর) ১৬, রনি ৭, মেহেদি ৩০, মুশফিক ১১, ইয়াসির ৪০, সিকান্দার ২২, পেরেরা ০, ফরহাদ ৬, সোহরাওয়ার্দি ১, কামরুল ১৪*, নাভীন ১*; নাসুম ১/৩০, শরীফুল ২/২৯, মিরাজ ২/৪২, রেজাউর ২/২০, হাওয়েল ১/৩৭)
ফল: চট্টগ্রাম ২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বেনি হাওয়েল।