দুর্দান্ত জয়ে শেষ চারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফ সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাবে জাকির হাসান (ডানে)। পাশে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নেপালের বিপক্ষে জাকির-মেহেদীর শতরানের অবিচ্ছিন্ন জুটিই জিতিয়েছে বাংলাদেশকে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l শামসুল হক
হাফ সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাবে জাকির হাসান (ডানে)। পাশে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নেপালের বিপক্ষে জাকির-মেহেদীর শতরানের অবিচ্ছিন্ন জুটিই জিতিয়েছে বাংলাদেশকে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l শামসুল হক

ছয়টা মেরেই জাকির হাসান গর্জে উঠলেন মুষ্টিবদ্ধ হাতে! জয়ের আনন্দ তাতেও যেন পরিপূর্ণ হয় না। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার শরীরী ভাষায় বিক্রম ফুটিয়ে তুলে নিলেন একটা স্টাম্প। সতীর্থের বাঁধভাঙা উচ্ছ্বাসের সঙ্গে একাত্ম হতে অন্য প্রান্ত থেকে ছুটে এলেন মেহেদী হাসান মিরাজও। স্মারক হিসেবে তাঁর হাতে উঠল আরেকটি স্টাম্প।
এই স্টাম্প মিরাজ-জাকির সযতনে রেখে দিতে পারেন সারা জীবন। যত দিন স্টাম্পে তাঁদের চোখ পড়বে, হৃদয়ে বইবে আনন্দের ফল্গুধারা। এটি যে দারুণ এক অর্জনের স্মারক, যুব বিশ্বকাপে তো বটেই; প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্মারক।
স্কোরকার্ড বলতে পারে কাল মিরপুরে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ৬ উইকেটের অনায়াস জয়ই পেয়েছে বাংলাদেশ। ম্যাচের রূপ-রং তুলে ধরার সাধ্য নিরেট পরিসংখ্যানের আসলে নেই। স্নায়ুর ওপর দিয়ে কতটা চাপ গেছে, সেটি ভালো বলতে পারবেন খেলোয়াড়েরা আর দর্শক।
নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশকে করতে হতো ২১২ রান। আগের দিনই নেপাল কোচ জানিয়ে রেখেছিলেন, তাঁদের মূল শক্তি স্পিন। একের পর এক স্পিন আক্রমণেই বাংলাদেশকে ভীষণ চাপে ফেলে দেয় নেপাল। আগের তিন ম্যাচের মতো কালও ব্যর্থ দুই ওপেনার। ১৭ রানেই ভাঙে পিনাক ঘোষ-সাইফ হাসানের উদ্বোধনী জুটি। তবে এই চাপ যতটা না নেপালি স্পিনারদের কৃতিত্ব, তার চেয়ে বেশি দায়ী ব্যাটসম্যানরাই। রানের জন্য অপ্রয়োজনীয় ছটফটানিতে বিপাকে পড়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশেষ করে পিনাকের অদ্ভুত রান আউটটা খনিকের জন্য বদলে দেয় ম্যাচের রংটাই। ৩৫ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৩ উইকেট। ৯৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান নেই, জয়ের জন্য ১১৪ রান তুলতে হবে ১৩১ বল থেকে। ভয়ের হালকা একটা স্রোত তির তির করে বইতে লাগল!
কিন্তু আসল রোমাঞ্চ তখনো বাকি। ব্যাটিং অর্ডারে জাকির হাসান সাধারণত নামেন মেহেদী হাসান মিরাজের পরে। কিন্তু জাকির এদিন নামলেন মিরাজের আগে। জাকির রানখরায় ভুগছিলেন। সেই জড়তা থেকেই শট খেলতে পারছিলেন না। বলের চেয়ে আস্কিং রানরেট যাচ্ছিল বেড়ে। তবে অধিনায়ক এসে জাকিরকে দিলেন সাহস আর অনুপ্রেরণা। একটু আগে নামায় আর হাতে বল থাকায় সেই জাকিরই সুযোগ পেলেন নিজেকে মেলে ধরতে। আসলে এটি ছিল সূক্ষ্ম এক মনস্তাত্ত্বিক লড়াই, তাতে জিতল বাংলাদেশের থিংক ট্যাংক।
টুর্নামেন্টের আগে কোচ মিজানুর রহমান অধিনায়ক মেহেদী সম্পর্কে জানিয়েছিলেন, ‘মিরাজ শুধু অধিনায়ক নয়, পারফরমারও। ম্যাচের পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝে ও। দলের বিপর্যয়ে লড়তে পারে বুক চিতিয়ে।’
এই না হলে সত্যিকারের নেতা! কালও মেহেদী স্বরূপে। তাতে ম্যাচের কম্পাসটাও গেল ঘুরে। সাময়িক ঝড় সামলে মাঝ সাগর থেকে জাকিরকে সঙ্গী করে দলকে নোঙর করালেন নিরাপদে। জাকির ৭৫ আর মিরাজ ৫৫ রানে অপরাজিত। ৬৫ বলের ইনিংসটিতে মিরাজ বাউন্ডারি থেকে নিয়েছেন মাত্র ১২, বাকি ৪৩ রান দৌড়ে। ৩৪.২ থেকে ৪২.৩ ওভার—৫১ বলে বাংলাদেশ কোনো বাউন্ডারিই পায়নি। পরিস্থিতির দাবি মেনে কী পরিণত ব্যাটিংটাই না করেছেন মিরাজ-জাকির! দুজনের পঞ্চম উইকেট জুটিকে কিছুতেই ঘায়েল করতে পারেনি নেপালিরা। তাদের ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতেই জয়ে পৌঁছে গেছে বাংলাদেশ।
তবে নেপালের প্রাণপণ লড়াইটা ভুলে যাওয়ার নয়। নিয়ন্ত্রিত বোলিং আর দারুণ ফিল্ডিংয়ে স্বাগতিক দলের রীতিমতো ঘামই ঝরিয়ে ছেড়েছে তারা। পুরো ম্যাচে মাত্র দুটি অতিরিক্ত রান দিয়েছেন নেপালি বোলাররা, তাও ৩৯ ও ৪১তম ওভারে। আবার মেহেদীর রান যখন ২৫, তাঁকে স্টাম্পিংয়ের দারুণ এক সুযোগ নষ্ট করেছেন রাজু রিজল। এটি হলে হয়তো ম্যাচের লাগামটা আবার নেপালের হাতেই চলে যেত। এমন সুযোগ হাতছাড়া করায় ম্যাচ শেষে যেন আক্ষেপেই পুড়েছেন নেপালের উইকেটকিপার ও অধিনায়ক, ‘বিরাট ভুল। বুঝতে পারিনি বলটা আমার কাছে আসছে। হয়তো ওই সময় সতর্ক ছিলাম না। বিরাট ক্ষতি হয়ে গেল।’
ক্রিকেট তো এমনই, সামান্য ভুলে গুনতে হয় বিরাট মাশুল। তবে নেপাল অধিনায়কের মানসিক শক্তির প্রশংসা করতেই হবে। কদিন ধরে তাঁর বয়স নিয়ে চলছে এন্তার বিতর্ক। এমন চাপের মধ্যেও কাল খেললেন ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস। রিজলের ইনিংসে ভর করেই নেপাল পেয়েছে লড়াইয়ের পুঁজি। হারলেও এই ম্যাচে নেপালের প্রাপ্তি তাই কম নয়। দলের ম্যানেজার সুদীপ শর্মা তাই বললেন, ‘এটি নেপালের ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে।’
জয়ের আনন্দের মধ্যেও বাংলাদেশের কিছু খচখচানি থাকছে। দলের মূল শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পিন আক্রমণ। অথচ মিরপুরে কাল স্পিনাররা কাঙ্ক্ষিত সাফল্য পাননি। দলের চার মূল স্পিনার ১৩০ রানে পেয়েছেন মাত্র ২ উইকেট। বিজয়ের আনন্দেও ভুলগুলো নিশ্চয়ই শুধরে নিতে ভুলবেন না মেহেদীরা। তাঁদের যে এখনো ইতিহাস গড়া বাকি।
তবে এখন পর্যন্ত যা করেছেন, সেটিও কম নয়। ছাপিয়ে গেছেন পূর্বসূরিদের সাফল্য। মেহেদী তাই হাসিমুখে বলতে পারছেন, ‘টুর্নামেন্টের আগে আমাদের প্রথম পরিকল্পনা ছিল সেমিফাইনাল খেলা। সেটা হয়েছে। ভেতরে বিশ্বাস ছিল, এ জন্যই পেরেছি।’
প্রথম ‘পরিকল্পনা’ তো বাস্তবায়ন হলো। মেহেদীদের সামনে এখন আরও বড় ‘প্রকল্প’।

নেপাল: ৫০ ওভারে ২১১/৯; বাংলাদেশ: ৪৮.২ ওভারে ২১৫/৪; ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ