দুর্দান্ত ভারত, প্রত্যয়ী নিউজিল্যান্ড

কথাটা যখন শচীন টেন্ডুলকার কিংবা বীরেন্দর শেবাগ বলেন, মনে হতে পারে—এটা শুধু ক্রিকেটীয় জ্ঞান থেকে বলা নয়, এর সঙ্গে যৎসামান্য দেশপ্রেমও মিশে আছে। ‘ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার’—এ কথা তাঁরা বলবেন না তো আর কে বলবেন! কিন্তু একই কথা যখন ব্রায়ান লারা আর মাইকেল ক্লার্কও বলেন, এটাকেই বাস্তবতা বলে ধরে নিতে মনে হয় না খুব বেশি ক্রিকেটপ্রেমী আপত্তি করবেন।
লারা-ক্লার্কদের দলে পরে আরও একজন যোগ দিয়েছেন। ভদ্রলোকের নাম কেন উইলিয়ামসন। সেই উইলিয়ামসন, নাগপুরে যাঁর দলের সঙ্গে ভারতের ম্যাচটা দিয়েই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে। আইসিসি যে পর্বের কেতাবি নাম দিয়েছে ‘সুপার টেন’!
লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষকে এমন এগিয়ে রাখাটা কি উইলিয়ামসনের কোনো কৌশলের অংশ, নাকি তিনিও এটিকে বাস্তবতা বলে মানেন?
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভারতের অবিশ্বাস্য ফর্ম দেখলে এটাকে বাস্তবতা বলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে আসার পর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়। সর্বশেষ এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে টানা পাঁচ ম্যাচ জিতে। সব মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র একটি হার। বিরাট কোহলি, রোহিত শর্মা আর শিখর ধাওয়ানরা দুর্দান্ত ফর্মে আছেন। সব সময় যেটিকে ভারতের দুর্বল জায়গা বলে ভাবা হয়, সেই পেস বোলিংয়ের পালে নতুন করে হাওয়া লেগেছে আশিস নেহরার ‘বুড়ো হাড়ের ভেলকি’ আর জসপ্রীত বুমরার ঝলকে। তার ওপর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলছে নিজের দেশে। এই ভারতকে রোখার সাধ্য কার!
এই জায়গায় এসে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন যদি দাবি করেন—‘আমরাই রুখে দেব’, তাহলে সেটাকে স্রেফ কথার কথা বলে নেবেন না যেন। ইতিহাস বলছে, এখন পর্যন্ত ভারত কখনো টি-টোয়েন্টিতে হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। সব মিলিয়ে দুই দলের ৫ বার দেখা হয়েছে, ৪ বারই জিতেছে নিউজিল্যান্ড, পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। নিউজিল্যান্ডের এই চার জয়ের একটি আবার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেবার চ্যাম্পিয়নই হয়েছিল ভারত। তবে টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ দেখাটি ছিল ২০১২ সালে চেন্নাইতে। সেই ভারতের সঙ্গে এই ভারতের তুলনা করাটা নিশ্চয়ই ঠিক হবে না।
সাম্প্রতিক ফর্ম ধরলে অবশ্য নিউজিল্যান্ডকেও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। সর্বশেষ ৬ ম্যাচে মাত্র একটিই হার কিউইদের—এ বছর জানুয়ারিতে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে। জিতেছে বাকি পাঁচটি ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজ থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিলরা। ট্রেন্ট বোল্ট-টিম সাউদি-অ্যাডাম মিলনেকে নিয়ে গড়া পেস আক্রমণ তো এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। নিউজিল্যান্ড যেটার অভাব বোধ করতে পারে সেটি হচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের ক্ষুরধার অধিনায়ক মস্তিষ্ক আর আক্রমণাত্মক ব্যাটিং। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে কেন উইলিয়ামসনও বুঝিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে তিনি ম্যাককালামের যোগ্য উত্তরসূরি হতে চলেছেন।
টি-টোয়েন্টির এই বিশ্বমঞ্চে এবার আরেকটু বড় পরীক্ষাই হয়ে যাবে উইলিয়ামসনের। তথ্যসূত্র: ক্রিকইনফো।