দুর্দান্ত মাহমুদউল্লাহ-সাব্বির!

সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর রাতে আরেকটা ‘ঝড়’ উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে! ঝড়টা তুললেন মাহমুদউল্লাহ! হার্দিক পান্ডিয়ার বলে প্রথম ছক্কাটা মারলেন ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে। এক বল পর পান্ডিয়াকে আবারও উড়িয়ে মারলেন লং অন দিয়ে। টি-টোয়েন্টিতে গা-জোয়ারি শটে সাধারণত মোহনীয় কিছু থাকে না। কিন্তু ব্যাটসম্যানের নাম যদি হয় মাহমুদউল্লাহ, সোল্লাসে বলতে হয় ‘ক্লাসিক’!
বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচের ১৪তম ওভারে গিয়ে প্রথম ছক্কার দেখা পায় বাংলাদেশ। সেটি মাহমুদুউল্লাহরই সৌজন্যে। বাংলাদেশের ইনিংস যে দুটি ছয়ের মার আছে, দুটিই এসেছে তাঁর ব্যাট থেকে।
মাহমুদউল্লাহ যখন উইকেটে যান, বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৫ (৭০ বলে)। সেখান থেকে পরের ২০ বলে হলো বিনা উইকেটে ৪৫। এর মধ্যে ৩৩ রানই (১৩ বলে) মাহমুদউল্লাহর। স্ট্রাইক রেট ২৫৩.৮৪! প্রথম ৮ বলে মাহমুদউল্লাহ করেছিলেন ২৭ রান।
এবার এশিয়া কাপে নিয়মিত ‘ফিনিশার’ রূপে আবির্ভূত হয়েছেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি বাদে মাহমুদউল্লাহর উইকেটটি পাননি কোনো দলের বোলারই। টুর্নামেন্টে শেষ চার ইনিংসে তাঁর রান: ৩৬*, ২৩*, ২২*, ৩৩*। সংগত কারণেই মাহমুদউল্লাহর গড় এবং স্ট্রাইক রেটও বিস্ময়কর—১২১.০ ও ১৬৫.৭৫!
অথচ কদিন আগেও প্রশ্ন উঠেছিল, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ কতটা কার্যকর? সেই প্রশ্নের উত্তর দিতে মাহমুদউল্লাহ যেন বেছে নিয়েছিলেন এই এশিয়া কাপ। টি-টোয়েন্টিতে নিয়মিত তাঁকে নামতে হয় ছয় কিংবা সাত নম্বরে। হাতে তখন থাকে না পর্যাপ্ত বল। ভাবার সময়ও খুব কম। মাহমুদউল্লাহ সেই চ্যালেঞ্জটা উতরে গেছেন। নয়ন মনোহর সব শটে উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় মুহূর্ত।
বাংলাদেশ নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছে মূলত অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটির কারণেই। সেই জুটির এক প্রান্তে মাহমুদউল্লাহ আরেক পাশে সাব্বির রহমান। ধারাবাহিক পারফরম্যান্সে সাব্বির হয়ে উঠেছেন আস্থার প্রতিচ্ছবি। টুর্নামেন্টে নিয়মিত দ্যুতি ছড়িয়েছেন তিনি। কালও সেই ছন্দটা ধরে রাখলেন সাব্বির।
কাল ২৯ বলে ৩২ রানের ইনিংসটি দেখে মনে হতে পারে, মোটেও সাব্বির-সুলভ নয়! ইনিংসে চারের মার মাত্র দুটি। তাঁকে খেলতে হয়েছে পরিস্থিতির দাবি মেনেই। কারণ, দল তখন বেশ চাপে। ভারতীয় ফিল্ডাররা রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে, অধিকাংশই সীমানা ঘেঁষে। পরিস্থিতির বুঝে সাব্বির এক-দুই করে স্ট্রাইক পরিবর্তনে বেশি মনোযোগী ছিলেন। রানিং বিটুইন দ্য উইকেটে ছিলেন অসাধারণ। তাঁর ৩২ রানের ২২ এসেছে সিঙ্গেল ও ডাবল থেকে।
টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪৪ গড়ে সাব্বিরের রান ১৭৬, এশিয়া কাপের মূল পর্বে খেলা দলগুলোর মধ্যে যেটি সর্বোচ্চ। শুধু এই টুর্নামেন্টে নয়, ২২ গজে নিয়মিত ঝোড়ো ব্যাটিংয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ হিসেবে। ক্রিকেটের সবচেয়ে ছোট দৈর্ঘ্যের ম্যাচে সাব্বির কতটা ধারাবাহিক, এই পরিসংখ্যানেই প্রমাণ মিলবে। তাঁর অভিষেক ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এই সময়ে বাংলাদেশ যতগুলো টি-টোয়েন্টি খেলেছে এর মধ্যে সবচেয়ে বেশি রান সাব্বিরের, ১৯ ম্যাচে ৩২.৪২ গড়ে ৪৫৪। ২০ ম্যাচে ৪২০ রানে তাঁর পরই সাকিব আল হাসান।
এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের হাতে উঠল কি না, সেই উত্তর পেয়ে গেছেন। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশের অনেক প্রাপ্তির মধ্যে একটি—সাব্বির-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং।