দুর্দান্ত রিভিউতে স্টোকসকে ফেরালেন স্মিথ
খালি চোখে মনে হয়েছিল নাথান লায়নের বলটা বেন স্টোকসের প্যাডে আঘাত করে লেগ স্টাম্প মিস করেছে। আম্পায়ারও অস্ট্রেলীয়দের আবেদনে সাড়া দেননি। শুধু স্টিভ স্মিথেরই মনে হয়েছিল, এটা আউট।
নিজে একবার উইকেটের কাছে গিয়ে নিশ্চিত হলেন, বলটা আসলে উইকেটের কোথায় পড়েছে। এরপর লায়নের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেই রিভিউ নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আর তাতেই বাজিমাত অস্ট্রেলিয়ার।
রিভিউতে টেলিভিশন আম্পায়ার সবকিছুই দেখলেন। বল ব্যাটে লেগেছে কি না, স্টাম্পের লাইনে বল ছিল কি না, বল স্টাম্পে লাগত কি না। তিনটিই মিলে গেল তিনটি লাল বিন্দুতে। বলতে গেলে ইংল্যান্ডের প্রায় সব আশার সমাপ্তি টেনে ৭৭ বলে ১২ রান করে বেন স্টোকস আউট! উইকেটটা লায়নই পেয়েছেন, কিন্তু স্টোকসকে তো আসলে ফিরিয়েছে স্মিথের ক্ষুরধার মস্তিষ্কই!
অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে প্রায় অসম্ভব এক লক্ষ্যই সামনে ইংলিশদের। জয়ের জন্য ৪৬৮ রানের লক্ষ্য পেরোনো অসম্ভব নয়, কিন্তু টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই। এর মধ্যে চতুর্থ দিন সন্ধ্যায় ৮২ রানে ৪ উইকেট হারিয়ে এমনিতেই হারের দিকেই হাঁটছে ইংল্যান্ড। শেষ দিনে দরকার আরও ৩৮৬ রান।
কিন্তু আজ প্রথম সেশনেই ওলি পোপ আর বেন স্টোকসকে হারিয়ে ফেলা ইংল্যান্ডের জন্য এখন হার এড়ানো প্রায় অসম্ভব। ১০৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে স্টোকসের বিদায়ের পর এখন উইকেটে আছেন ক্রিস ওকস ও জস বাটলার। সপ্তম উইকেটে দুজনের জুটিটা অবশ্য অর্ধ শতক পেরিয়ে গেছে। এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৬২।
কাল চতুর্থ দিন শেষ সেশনের একেবারে শেষ দিকে জো রুট আউট হতেই শেষ হয় দিনের খেলা। এর আগে ৪৬৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড দ্বিতীয় ওভারেই হারায় হাসিব হামিদকে। ঝাই রিচার্ডসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর ররি বার্নস আর ডেভিন ম্যালানের জুটি কিছুটা আশা দেখিয়েছে ইংলিশদের। ম্যালান এলবিডব্লু হয়েছে মাইকেল নেসারের বলে। বার্নস স্মিথের হাতে ধরা পড়েন রিচার্ডসনের বলে। এর আগে অবশ্য স্লিপে স্মিথকে ক্যাচ দিলেও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ম্যালান। বার্নসও একবার বেঁচেছেন রিভিউ নিয়ে।
এরপর রুট আর স্টোকস দিনটা পার করে দেওয়ার পথে হাঁটছিলেন। কিন্তু বাধ সাধে অসময়ে রুটের ফেরা। আজ দিনরাতের এই টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে স্মিথের অসাধারণ এক রিভিউতে স্টোকসের ফেরায় খুব সম্ভবত ইংল্যান্ডের শেষ আশাটুকুও অ্যাডিলেডের হাওয়ায় মিলিয়ে গেছে।