দুর্দান্ত সব শটে আলোচনায় সাহসী আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সব শট খেলেই আলোচনায় আফাগান ব্যাটসম্যানরা। ছবি : আইসিসি
দুর্দান্ত সব শট খেলেই আলোচনায় আফাগান ব্যাটসম্যানরা। ছবি : আইসিসি

দাপটের সঙ্গেই সুপার টেনে উঠেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অভিযানের শুরুটা অবশ্য ভালো হয়নি, আশা জাগিয়েও কাল শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ৬ উইকেটে। তবে ‘অন্য রকম’ কিছু দেখতে চাইলে আফগানিস্তানের ম্যাচে চোখ রাখতেই পারেন। প্রতি ম্যাচেই যে উদ্ভাবনী সব শটে তাক লাগিয়ে দিচ্ছেন আফগান ব্যাটসম্যানরা।

কালকের ম্যাচের কথাই ধরুন। আফগানিস্তানের ইনিংসে ১৬তম ওভারে শেষ বল, ব্যাট করছিলেন সামিউল্লাহ শেনোয়ারি। থিসারা পেরেরার বলটা সুইচ হিট করতে গিয়েছিলেন। কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যান মাটিতে। তাতেও অবশ্য সমস্যা হয়নি, উইকেটের পেছনে ঠিকই বলটা চলে গেছে বাউন্ডারিতে। সেই শটটিকে এখন বলা হচ্ছে ‘রিভার্স সুইচ স্লিপ শট’!

এর আগের ম্যাচগুলোতেও কিন্তু শেনোয়ারি উদ্ভাবনী শট খেলেছেন। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম পর্বের ম্যাচটা যেমন। পানিয়াঙ্গারার বলটা শেনোয়ারি সুইচ হিট করবেন বলেই ঠিক করেছিলেন। কিন্তু বলটা ছিল শর্ট পিচ ডেলিভারি, শেনোয়ারি ওই অবস্থাতেই পুল করলেন। শটটা হয়ে গেল ‘রিভার্স পুল’। দর্শকদের বিনোদনের সঙ্গে বোনাস চার রান!

আর মোহাম্মদ শাহজাদের শটটা তো আরও বিস্ময় জাগানিয়া। এমনিতে স্কুপের জন্য তিলকরত্নে দিলশানের একটা শটের নামই হয়ে গেছে দিলস্কুপ। স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচে শাহজাদের স্কুপ ছিল আরও অদ্ভুত। অফ স্টাম্পের অনেকটা বাইরে থেকে অবিশ্বাস্য এক স্কুপে বলটা লেগ সাইডে উইকেটের পেছন দিয়ে মাঠছাড়া করেন। এখন তো সেটির নামই হয়ে গেছে ‘শাহজাদ-স্কুপ’।


সামনের ম্যাচগুলোতে আফগানরা আর কী চমক দেবে কে জানে!