দুর্দান্ত সাব্বিরের ব্যাটে জয়ের আশা

তাহলে তিন নম্বরই সাব্বির রহমানের জায়গা?
জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই তো এই জায়গাতে বেশ স্বচ্ছন্দে ব্যাটিং করে যাচ্ছেন বাংলাদেশি ব্যাটসম্যান। দিনে দিনে যেন ব্যাটিং অর্ডারের এই মহাগুরুত্বপূর্ণ জায়গাটিতে আরও বেশি মানিয়ে নিচ্ছেন। আজও যার প্রমাণ দেখল মিরপুর। চার-ছয়ের ফুলঝুড়িতে ৫৪ বলের ইনিংসে ৮০ রান করেছেন এই ২৪ বছর বয়সী। আর তাঁর এই ইনিংসে ভর করে হাসল বাংলাদেশ। ৭ উইকেটে করল ১৪৭ রান।
১৫০ হলো না একটুর জন্য। বলতে পারেন মাত্র তো তিনটা রানই। কিন্তু ‘১৫০’ হতে পারত মানসিক একটা সুবিধা। টিভি পর্দাতেও বারবার দেখাচ্ছিল, ১৫০ কিংবা এর বেশি তাড়া করা ম্যাচগুলোর ৬৭ শতাংশ বারই হার নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ জিতেছে এমন ম্যাচের ৬০ শতাংশতেই। এই ‘তিনে’র ঘাটতি পুষিয়ে দেওয়ার পালা বোলারদের।
আরেকটা আক্ষেপ আছে। সাব্বিরের সেঞ্চুরি না-পাওয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই। সাব্বির যখন আউট হয়েছেন, তখনো ২৪ বল বাকি ছিল। সম্ভাবনা ছিলই। কিন্তু নিজের সেঞ্চুরির চেয়ে দলের স্কোরটার দিকে বেশি বেশি তাকিয়েছেন বলেই মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন। বাংলাদেশের ইনিংসে তৃপ্তির জায়গা সাকিব আল হাসানের রানে ফেরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ করেছেন। চতুর্থ উইকেটে এই দুজনের ৮২ রানের জুটিতেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্কোর।
নিজের দিনে সাব্বিরের ব্যাটিং দেখা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিনোদনদায়ী বিষয়গুলোর একটি। ঠিক ক্রিকেট ব্যাকরণ মেনে চলেন না। শুদ্ধ সংগীত নয়, বরং ফিউশন বলা যায় সাব্বিরের ব্যাটিংকে। সেতারের শ্রুতিমধুর সুরের সঙ্গে যেখানে মিশে থাকে ড্রামের ছন্দও। ব্যাটের রেশমি পেলব ছড়ানো কাভার ড্রাইভ যেমনি মানিয়ে যায়, তেমনি হুক-পুলে গ্যালারিতে আছড়ে পড়া ছক্কাও তো সাব্বিরের ব্যাটিংয়ের অবিচ্ছেদ্য অংশ।
সেই যুগ্ম-আবেদনের ব্যাটিংই করে গেলেন সাব্বির। চোখে লেগে থাকার মতো ১০টি চার, উচ্ছ্বাসে আত্মহারা করে দেওয়ার মতো তিনটি ছক্কা দিয়ে সাজানো ইনিংস। শুরুটা করেছিলেন নুয়ান কুলাসেকারাকে দিয়ে। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম চার বলেই তিনটি চারের সঙ্গে একটি ছক্কা। পরে থিসারা পেরেরাকে আর শেহান জয়াসুরিয়াকেও উড়িয়ে মারলেন। পেরেরার ওই ওভারে এক ছক্কার পাশাপাশি ছিল দুই চারও। সাকিব ৩৪ বলে ৩২ করলেও ও প্রান্তে সাব্বিরের বিস্ফোরক ব্যাটিংয়েই এই জুটি ওভারে এগারোর ওপরে রান তুলেছে।
সাব্বির সেঞ্চুরির দিকে ভালোমতোই ছুটছিলেন। কিন্তু তামিম ইকবালের বাংলাদেশের পক্ষে করা সর্বোচ্চ ৮৮ রানের রেকর্ডটাও পেরিয়ে যেতে পারলেন না। সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে দুষ্মন্ত চামিরাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে গেলেন। একটু আক্ষেপ তাই রয়েই গেল।
আক্ষেপ আরও থাকত। সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই যে আউট হয়ে গিয়েছিলেন রানের সঙ্গে যুঝতে থাকা মুশফিকুর রহিম। এর আগে দ্বিতীয় ওভারেই দুই রানে দুই ওপেনার সৌম্য ও মিঠুনকে হারানোর পর সাব্বিরের দায়িত্ব একটু বেড়েই গিয়েছিল। কী দুর্দান্তভাবে, টি-টোয়েন্টির পূর্ণ বিনোদন দিয়ে সেটি পূরণ করলেন সাব্বির!
অবশ্য শুধু দুই স-এর কথা বললে মাহমুদউল্লাহর প্রতি অবিচার করা হবে। ১২ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসটাও ভূমিকা রাখল টুর্নামেন্টে প্রথম বাংলাদেশকে ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য দেখাতে। ভারতের বিপক্ষে শেষের ওই দশ ওভার বাদ দিলে বোলিংটা শুরু থেকেই বেশ ভালো হচ্ছে। সেই বোলিংটাই এবার দরকার। গতকাল পাকিস্তানের বাজে হার বাংলাদেশকে বেশ সুবিধাজনক অবস্থায় এনে রেখেছে। আজ জিতলে পয়েন্ট টেবিলের ওপরেই দিকেই থাকবে বাংলাদেশ।
আরও পড়ুন: