দুর্দান্ত 'নতুন' ইংল্যান্ড
বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর সমালোচনার ঝড় উঠেছিল দেশে। বাংলাদেশের সঙ্গে ম্যাচের মাত্র পাঁচজন ছিলেন পরশু নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডেতে, ইংল্যান্ড দলের খোলনলচেই আসলে বদলে গেছে। ‘নতুন’ ইংল্যান্ড দেখিয়ে দিল, বদল এসেছে মানসিকতাতেও। গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের সঙ্গে ২১০ রানের স্মরণীয় এক জয়ে ইংলিশ ক্রিকেটে যেন বাজল দিনবদলের সুর। জো রুট (৭৮ বলে ১০৪) ও জস বাটলারের (৭৭ বলে ১২৯) জোড়া সেঞ্চুরির কল্যাণে ৯ উইকেটে ৪০৮ রান করেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ১৯৮ রানে।
জয়ের ব্যবধানই বোঝায় ম্যাচ কতটা একপেশে ছিল। পরিসংখ্যান বলবে, এক ম্যাচ থেকে এর চেয়ে বেশি কিছু পাওয়ার থাকতে পারত না ইংল্যান্ডের। অধিনায়ক এউইন মরগান বললেন, ‘ওয়ানডেতে নিখুঁত পারফরম্যান্স বলতে যা বোঝায়, এটা তার কাছাকাছি।’ মানসিকতার পরিবর্তনকেই বড় করে দেখছেন মরগান, ‘অনেক দিন থেকে আমরা অন্য রকম ও আক্রমণাত্মক ঘরানার ক্রিকেট খেলার কথা বলে আসছি। আজ (মঙ্গলবার) সেটা আমরা করে দেখালাম।’ মরগান পা মাটিতেই রাখছেন, ‘আমার মনে হয় ধারাবাহিকতাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের খেলার ধরনটা খুঁজে পাওয়ার জন্য দূরে যেতে হয়নি, নিউজিল্যান্ড কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে দেখাচ্ছে এভাবে খেলা সম্ভব। এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’ এএফপি।