দুর্নীতির তথ্য দিতে অনিরাপদ বোধ করেন ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকসুকে তথ্য দিতে অনিরাপদ বোধ করেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত
আকসুকে তথ্য দিতে অনিরাপদ বোধ করেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

ক্রিকেটকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য আছে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। কিন্তু এসিইউ কি আসলেই ক্রিকেট-দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে? আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা মনে করে, নানা কারণেই এসিইউকে ক্রিকেট-দুর্নীতির তথ্য সরবরাহ করতে ‘নিরাপদ’ বোধ করেন না ক্রিকেটাররা।
ফিকার প্রধান নির্বাহী টনি আইরিশের মতে, ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া স্পর্শকাতর তথ্য এসিইউ যেভাবে ব্যবহার করে, তা নিয়ে ক্রিকেটাররা উদ্বিগ্ন। অনেকভাবেই ক্রিকেটারদের নাম পরে চলে আসে। ফিকা মনে করে, দুর্নীতির তথ্য যেসব ক্রিকেটার এসিইউকে দেয়, তাঁদের পরিচয় গোপন রাখা উচিত নিরাপত্তার স্বার্থে। কারণটাও অনুমেয়। ম্যাচ বা স্পট ফিক্সিং অপরাধে জড়িত ব্যক্তিরা অন্ধকার জগতের।

সম্প্রতি এমসিসির স্পিরিট অব ক্রিকেট বক্তৃতায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এসিইউর ব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সাবেক সতীর্থ ক্রিস কেয়ার্নসের বিপক্ষে তিনি যে তথ্যগুলো সরবরাহ করেছিলেন, সেগুলো আকসুর এক কর্মকর্তা নাকি এক টুকরো কাগজে টুকে নিয়েছিলেন। ম্যাককালামের সেই তথ্য খুব একটা কাজে লাগাতে পারেনি এসিইউ। উল্টো পরের দফায় তিনি যেসব তথ্য দিয়েছিলেন এসিইউ কর্মকর্তাকে, সব পত্রিকায় ফাঁস হয়ে যায়।

ম্যাককালাম তাঁর বক্তৃতায় বলেছিলেন, ‘খেলোয়াড়দের দেওয়া গোপন স্পর্শকাতর তথ্য যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায়, তাহলে ক্রিকেটের অভিভাবক সংস্থা কীভাবে প্রত্যাশা করে তারা খেলোয়াড়দের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে?’
ফিকার দাবি, এসিইউয়ের প্রক্রিয়ায় ফিফাকেও সম্পৃক্ত করতে হবে। এতে করে তারা খেলোয়াড়দের স্বার্থটাও দেখতে পারবে। দেখতে পারবে, কীভাবে খেলোয়াড়দের দেওয়া তথ্য ও বিবৃতি ব্যবহার করা হচ্ছে। আইসিসি অবশ্য এসিইউয়ে এখনো ফিকার অন্তর্ভুক্তির ব্যাপারে রাজি নয়।