দুর্বল অস্ট্রেলিয়াও পাত্তা দিল না শ্রীলঙ্কাকে

আউট হয়ে ফিরছেন লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিশঙ্কা। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার হয়ে যা কিছু রান পেয়েছেন তিনিইছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচেই সিরিজের মীমাংসা হয়ে গেছে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে তাই ছুটি মিলেছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের। নিজেদের মূল পেস আক্রমণ ছাড়া আজ নেমেছিল অস্ট্রেলিয়া। ওদিকে ডেভিড ওয়ার্নারও পেয়েছেন বিশ্রাম। কিন্তু তাতেও শ্রীলঙ্কার ভাগ্য বদলায়নি।

সিরিজের চতুর্থ ম্যাচেও ৬ উইকেটে হেরেছে সফরকারীরা।১৩৯ রান তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া। সে লক্ষ্য ১১ বল আগেই ছুঁয়েছে স্বাগতিক দল।

পেসত্রয়ী বিশ্রাম পাওয়ায় সুযোগ মিলেছিল ঝাই–রিচার্ডসনদের। ঝাই, কেইন রিচার্ডসন ও ড্যানিয়েল স্যামসের বোলিং ভালোই সামলেছিল শ্রীলঙ্কা। ১ উইকেটে ৭৬ রান তুলে ফেলেছিল সফরকারী দল। ৪৬ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

কিন্তু অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পাদের স্পিনই কাবু করে দিয়েছে তাদের। এ দুই স্পিনার ৮ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। কিন্তু এ দুজনের সৃষ্ট চাপই শ্রীলঙ্কার সর্বনাশ করেছে। ২ উইকেটে ১১০ রান ছিল শ্রীলঙ্কার। ২১ বল ও ১২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

ম্যাক্সওয়েল ৩৯ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন
ছবি: এএফপি

শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে ভদ্রস্থ স্কোর এনে দেন চামিকা করুনারত্নে। ৮ উইকেটে ১৩৯ রান তোলে শ্রীলঙ্কা।

বেন ম্যাকডেরমট ও অ্যারন ফিঞ্চ ফিরে যান ৭ ওভারের মধ্যে। অস্ট্রেলিয়ার রান তোলার গতিও ছিল বেশ কম। এই সিরিজে পরিচয় বদলে ওপেনার হিসেবে দেখা যাচ্ছে অ্যাগারকে। কিন্তু ৩১ বলে আজ ২৬ করেছেন এই বাঁহাতি।

৪৯ রানে অ্যাগারের বিদায়ের পরই অস্ট্রেলিয়ার দাপট টের পাওয়া গেছে। এক দিকে প্রান্ত ধরে রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অন্য দিকে ঝড় তুলেছেন জশ ইংলিস। তাঁর ২০ বলে ৪০ রান দলকে জয়ের প্রান্তে নিয়ে যান।

অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ ২ রান করেই আউট হয়ে গেছেন
ছবি: এএফপি

৩ চার ও ২ ছক্কার ইনিংসটি থামিয়েছেন চামিরা। কিন্তু তাতে শ্রীলঙ্কার কোনো লাভ হয়নি। ৩৯ বলে ৪৮ রান করা ম্যাক্সওয়েল দলকে সহজ জয় এনে দিয়েছেন।