দুর্বল প্রতিপক্ষের সুযোগ নিয়ে ১০০৯ রানের ইনিংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রেকর্ড গড়েও ​সমালোচনা শুনতে হলো ভারতের সেই কিশোরকে। ফাইল ছবি
বিশ্ব রেকর্ড গড়েও ​সমালোচনা শুনতে হলো ভারতের সেই কিশোরকে। ফাইল ছবি

ছোট বাউন্ডারি। ব্যাটে-বলে ঠিকমতো লাগলেই চার-ছয়। রেকর্ড তো ভাঙবেই। ১৯৯৬ সালে সিঙ্গাপুরের পাডাংয়ে সনাৎ জয়াসুরিয়ার দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড নিয়ে কম নাক সিটকানো হয়নি।
জয়াসুরিয়াই রেহাই পাননি, প্রণব ধানাওয়াড়ে পার পায় কী করে? ক্রিকেট ইতিহাসের প্রথম এক ইনিংসে চার অঙ্কের রান ছোঁয়া ভারতীয় কিশোর রাশি রাশি প্রশংসার পাশাপাশি এবার সমালোচনার শিকারও হলো। তার অপরাজিত ১০০৯ রানের ইনিংসের খুঁতগুলো নিয়ে বেশ কথা হচ্ছে ভারতে।
খুঁতগুলোও সামান্য নয়। এই যেমন মাঠের এক পাশে বাউন্ডারি ছিল মাত্র ৩০ গজের। প্রতিপক্ষ স্কুল মাঠে নামাতেই পারেনি মূল দল। মূল খেলোয়াড়দের পরীক্ষা থাকায় অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় ১৪ বছর বয়সীদের ছেলেদের খেলাতে বাধ্য হয়েছে আরিয়া গুরুকুল স্কুল। ওই ছেলেরা আবার নাকি এই ম্যাচেই প্রথম ক্রিকেট বলে খেলেছে। এর আগে টেনিস বলেই ক্রিকেট খেলত তারা। জীবনে প্রথম সত্যিকারের ক্রিকেট বল দিয়ে খেলা। যে বলে ফিল্ডিং করতেই নাকি ভয় পাচ্ছিল গুরুকুলের ক্রিকেটাররা।
এর ছাপ পড়েছে ম্যাচেও। প্রণবের দল যেখানে এক ইনিংসেই রান তুলেছে ১৪৬৫, সেখানে গুরুকুল দুই ইনিংসে করেছে ৩৪ ও ৭২! এর থেকেই বোঝা যায় দুই দলের পার্থক্য কী ছিল। শুধু তা-ই নয়, প্রথমবারে ক্রিকেট বলে খেলতে নেমে ফিল্ডার ভয় পেয়েছে বলেই হয়তো ২১ বার ক্যাচ তুলেও বেঁচে গেছে প্রণব।
আরও কথা উঠছে। ক্রিকেটীয় চেতনা বলেও একটা ব্যাপার আছে। প্রণবের দলের নাকি উচিত হয়নি দুর্বল প্রতিপক্ষ পেয়ে এতটা অসম্মান করা। এক ইনিংসে প্রায় দেড় হাজারের মতো রান তোলার দরকারটাই বা কী ছিল!

এসব সমালোচনা শুনে প্রণবের কি মন খারাপ? তাঁর পাশেও এসে দাঁড়াচ্ছেন অনেকে। খোদ মহেন্দ্র সিং ধোনি আগের দিনই মনে করিয়ে দিয়েছেন, যেকোনো ধরনের ক্রিকেটেই এক হাজার রানের ইনিংস খেলা অসম্ভব কঠিন একটা ব্যাপার। প্রণবকে কতক্ষণ ধরে ব্যা​টিং করতে হয়েছে এই বয়সে, সেটাও ভেবে দেখতে হবে। সবচেয়ে বড় কথা, বোলিং যতটা জঘন্যই হোক, যেকোনো ব্যাটসম্যানের আউট হতে একটা বলই লাগে। প্রণবের বাকি সতীর্থরাও তো একই সুবিধা পেয়েছিল। কই, তারা তো দুর্বল প্রতিপক্ষের এই সুবিধা তুলে হাজার রানের ইনিংস খেলতে পারেনি।
তা ছাড়া মুম্বাইয়ের বিখ্যাত এই স্কুল ক্রিকেটে দুই প্রতি​পক্ষের আকাশ-পাতাল পার্থক্যও তো নতুন নয়। এর আগেও এক দল পাহাড় সমান রান করেছে, অন্য দল হয়তো ৫০-এর মধ্যেই অলআউট হয়ে গেছে। তখনো কেউ এমন ইনিংস​ খেলতে পারেনি।
এবার ভারতের বিখ্যাত ক্রিকেট সাংবাদিক আয়াজ মেমনও বললেন, ‘প্রতিপক্ষের মান কিংবা মাঠের আকারটা ব্যাপার না। আসল কথা হলো ১৫০, ২০০ করার পরই তো আত্মতৃপ্তিতে উইকেট বিলিয়ে দেওয়ার কথা।’ একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে অন্যরা কেন এমন কীর্তি করতে পারেনি সেই প্রশ্নও তুললেন মেমন, ‘১০০০ রান করতে শারীরিক সামর্থ্য ও মানসিক দৃঢ়তাও থাকতে হয়। অন্যরা তো পারেনি।’
প্রণবের কেসি গান্ধী স্কুলের অন্য দুই সতীর্থও কিন্তু সেঞ্চুরি করেছে ওই ইনিংসে। কিন্তু তাদের নাম কেউ জানতেও চায়নি। যে যা-ই বলুক, ক্রিকেটে এক হাজার রান করা অবিশ্বাস্য তো অবশ্যই। এএফপি।