
দুর্দান্তভাবে গত অ্যাশেজটা জিতে ইংল্যান্ড বেশ টগবগে। তবে খেলাটা যখন আরব আমিরাতে আর প্রতিপক্ষ পাকিস্তান, ইংল্যান্ড মানসিকভাবে একটু পিছিয়েই থাকে। এখানকার শুকনো পিচে সর্বশেষ সিরিজেই যে তারা ধবলধোলাই হয়েছিল পাকিস্তানের হাতে। আসলে ধরাশায়ী হয়েছিল স্পিনে। আজ আবুধাবিতে প্রথম টেস্ট খেলতে নামার আগে অ্যালিস্টার কুকদের কাছে পাকিস্তানের স্পিন আক্রমণটাই ছিল ভয়ের কারণ।
তবে এ মুহূর্তে একটু স্বস্তিতে থাকতে পারে কুকের দল। হঠাৎই পিঠের চোটে প্রথম টেস্টের দলে অনিশ্চিত পাকিস্তানের প্রধান স্পিন অস্ত্র ইয়াসির শাহ। এর আগে তো পায়ের বুড়ো আঙুলের চোট ছিটকে দিয়েছে অন্যতম ব্যাটিং-ভরসা আজহার আলীকে। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ সিরিজটি খেলতে নামার আগে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে প্রতিপক্ষের চেয়ে ভাবতে হচ্ছে নিজের দল নিয়েই।
এর আগে সর্বশেষ ২০১২ সালে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল আরব আমিরাতে। র্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা কুকের দল সেবার বধ হয়েছিল সাঈদ আজমল ও আবদুর রেহমানের স্পিনে। অফ স্পিনার সাঈদ আজমল নিয়েছিলেন ২৪ উইকেট ও বাঁহাতি স্পিনার আবদুর রেহমান ১৯ উইকেট। এবার দুজনের কেউই নেই। তাতে অবশ্য পাকিস্তানের দুশ্চিন্তার কিছু ছিল না। স্পিনের নতুন জাদুকর রূপে আবির্ভাব ঘটে গেছে লেগ স্পিনার ইয়াসির শাহর। সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর।
কিন্তু কাল সকালে অনুশীলনেই একটা দুঃসংবাদ শুনল পাকিস্তান। পিঠের চোটে পড়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। আজ শুরু প্রথম টেস্টে নামতে পারেন কি না সংশয়। ভীষণ উদ্বিগ্ন মিসবাহ-উল-হক, ‘ইয়াসিরের চোট এখন দুশ্চিন্তার কারণ, আমাদের জন্য এটা হতে পারে বড় এক ধাক্কা।’ গত জুলাইতেই শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজে ২৪ উইকেট নিয়েছিলেন ইয়াসির শাহ। মূলত তাঁর স্পিনেরই সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। ১০ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ২৪.৮১ গড়ে ৬১ উইকেট তাঁর। ইয়াসিরকে পেতে আজ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে পাকিস্তান। উদ্বেগকাতর কণ্ঠে মিসবাহই বললেন, ‘সে (ইয়াসির) আমাদের মূল খেলোয়াড়দের একজন। তাকে নিয়ে ভালো কিছু শোনার অপেক্ষায় থাকব। তবে শারজায় প্রস্তুতি ম্যাচে খেলা দুই বাঁহাতি স্পিনারের একজনকে ডাকার কথাও আমরা ভাবছি।’
ঘরের মাঠে দুটি অ্যাশেজজয়ী অধিনায়ক হিসেবে বীরোচিত সম্মান পেয়েছেন দেশে। অ্যালিস্টার কুক জানেন বিদেশের মাটিতে টেস্ট জয় দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তার ওপর পেস আক্রমণের অন্যতম ভরসা স্টিভেন ফিনও থাকছেন না পায়ের চোটের কারণে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নেওয়া ফিনকে হারিয়ে কুকও খানিকটা উদ্বিগ্ন। তবে ইংল্যান্ড অধিনায়ককে বড় আশা দিচ্ছেন সহ-খেলোয়াড় জো রুট। অ্যাশেজ-সেরা হয়ে রুট বলেছিলেন বিশ্বসেরা টেস্ট দলে পরিণত করবেন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান সে পথে প্রথম পা রাখতে চান আমিরাতের মাটিতেই, ‘সিরিজ নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী এবং ভালো ফলের দিকেই তাকিয়ে আছি।’ এএফপি, ক্রিকইনফো।